প্রিয় শিক্ষককে পেয়ে উচ্ছ্বাস, পাশে থাকার প্রতিশ্রুতি জাফর ইকবালের
উগ্রপন্থির ছুরি হামলা থেকে বেঁচে যাওয়া অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই শিক্ষকও দিয়েছেন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি।
এই বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবাল গত ৩ মার্চ ক্যাম্পাসের মুক্তমঞ্চে অনুষ্ঠানের মধ্যে আক্রান্ত হয়েছিলেন। ফয়জুল হাসান ওরফে শফিকুর নামে উগ্রপন্থি এক তরুণ ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। মাথা, পিঠ ও হাতের জখম নিয়ে ১২ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার পর বুধবার সকালে ছাড়া পান জাফর ইকবাল।
এরপর সিলেটে ফিরে বিকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চেই শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য দেন তিনি। জাফর ইকবালের ক্যাম্পাসে ফেরা উপলক্ষে বিকাল সাড়ে ৪টায় সমাবেশ শুরু হয়।
ঘণ্টাখানেক পর বক্তব্য শুরু করেন জাফর ইকবাল। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ‘তোমার স্যার আমার স্যার, জাফর স্যার জাফর স্যার’ স্লোগান দেন।
দুই বছর আগে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গায়ে হাত তোলার পর অনেক কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন জানিয়ে তিনি বলেছেন, এই ঘটনার পর তিনি বুঝতে পেয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে অনেক নিষ্ঠুরতা করেছেন, এখন থেকে তাদের সব অনুষ্ঠানে যাবেন তিনি।
আক্রান্ত হওয়ার পরে নিজের অবস্থা স্মরণ করে তিনি বলেন, “আমাকে যখন হামলা করা হল তখন বারবার আমার অভিজিতের কথা মনে পড়েছে, আমার ছাত্র অনন্তের কথা মনে পড়েছে, নিলয়ের কথা মনে পড়েছে, দীপনের কথা মনে পড়েছে, ওয়াসিকুরের কথা, হুমায়ুন আজাদ স্যারের কথা মনে পড়েছে।
“ওরা আস্তে আস্তে স্মৃতি হয়ে গেছে, আমারও হয়ত তাদের মতো অবস্থা হতে পারত। তবে আমি বেঁচে গেছি। আমার বারবার তাদের কথা মনে পড়েছে। তাদের পরিবার, পরিজন, যে মানুষগুলো তাদের হারিয়ে কষ্ট পেয়েছে তাদের কথা মনে পড়েছে।”
হামলার মুহূর্তের কথা স্মরণ করে জাফর ইকবাল বলেন, “ওই দিন এই জায়গায় বসা ছিলাম। যখন আমার মাথায় পেছন থেকে এসে হামলা করা হল, আমি বুঝতে পারিনি যে, আমাকে স্টেপ করা হয়েছে; মনে হলো কেউ মাথায় কিছু দিয়ে আঘাত করছে।
“তখন সামনে থাকা দুটি মেয়ে চিৎকার শুরু করেছিল। আমি ওদের বললাম, আমার কিছু হয়নি। আমি ভালো আছি। পরে মাথায় হাত দিয়ে দেখি রক্ত। তখন বুঝলাম কিছু একটা হয়েছে। তখন সবাই মিলে আমাকে হাসপাতালের দিকে নিয়ে গেল।”
হামলাকারীকে নিয়ে জাফর ইকবাল বলেন, “তার জন্য আমার মনে বিন্দুমাত্র প্রতিহিংসা বা রাগ নেই, বরং এক ধরনের মায়া আছে, করুণা আছে, যে একজন মানুষ মনে করছে সে যদি আমাকে মেরে ফেলতে পারে তাহলে সে বেহেশতে যাবে, তার মাথায় এ কথা ঢোকানো হয়েছে।”
উগ্রপন্থিদের নিয়ে জনপ্রিয় এই লেখক বলেন, “একজন মানুষ কতটা দুঃখী হতে পারে যে সে ভাবছে যে, আরেকজন মানুষকে হত্যা করে সে বেহেশতে যেতে পারবে। মানুষের সাথে মানুষের ভালোবাসা,সুন্দর পৃথিবীর কিছুই সে জানে না, কিছুই সে দেখে না।”
সাবেক মাদরাসা ছাত্র ফয়জুলের মতো এই চিন্তা-ভাবনার মানুষ তার আশপাশে আরও অনেক আছে বলে মনে করেন জাফর ইকবাল।
ছাত্র-শিক্ষকদের ওই সমাবেশে তিনি বলেন, “আমি নিশ্চিত সে ছেলে শুধু একা নয়, তার মতো আরও অনেকে আছে, এখানেই হয়ত দাঁড়িয়ে আছে, যে নাকি আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে পারলাম না, আরেকবার ‘এটেম্পট’ নিতে হবে।”
উগ্রপন্থিদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমাদের মধ্যে যদি কোনো বিভ্রান্তি থাকে তাহলে আস, শুধু অস্ত্রটা বাসায় রেখে এসো, সামনা সামনি আমার সাথে কথা বল প্লিজ, তোমার মনে যে বিভ্রান্তি আছে তা নিয়ে আমার সাথে কথা বল।
র্যাবের জিজ্ঞাসাবাদে ফয়জুল বলেছিলেন, জাফর ইকবালকে ‘ইসলামের শত্রু’ মনে করেন, সে কারণেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন।
ফয়জুল ছাড়াও তার বাবা-মা, মামা, চাচা ও ভাই গ্রেপ্তার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই প্রসঙ্গ তুলে হামলাকারীর উদ্দেশে অধ্যাপক জাফর ইকবাল বলেন, “কে তোমাদের বিভ্রান্ত করে? কে তোমাদের বুঝিয়েছে? যারা তোমাদের বুঝিয়েছে তারা নিশ্চিন্তে আরামে বসে আছে। তাদের ছেলেমেয়েরা লেখা পড়া করছে।
“তুমি যার কথা শুনে এ কাজে নেমেছ, তুমি জেলখানায় আছ, রিমান্ডে আছ। তোমার বাবা-মা-ভাই-বোন রিমান্ডে আছে। এটা কি একটা জীবন হল? কেন এই জীবন বেছে নিয়েছ?”
ওই ঘটনার পরে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান জাফর ইকবাল। সিএমএইচ ও ওসমানী মেডিকেলের চিকিৎসকসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
জাফর ইকবাল বলেন, “সকলের আন্তরিক প্রচেষ্টায় আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি। খোদা নিশ্চই চান যে, আমি কিছু একটা করি। সেজন্য তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। কাজেই আমাকে কী করতে হবে, তা এখন আমাকে চিন্তা করে বের করতে হবে।”
“তখন থেকেই একাডেমিক কার্যক্রম ছাড়া অন্য সব কিছু থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলাম। বিভিন্ন ছাত্র সংগঠনের উপদেষ্টা ছিলাম। ছাত্ররা এসে যাওয়ার জন্য অনুরোধ করত। আমি বলেছিলাম, তোমরা শিক্ষকদের গায়ে হাত তোলো, আমি তোমাদের সাথে থাকব না। আমরা তখন থেকেই অপেক্ষা করছিলাম, কখন অক্টোবর মাস আসবে (২০১৮ সালের), আর কখন অবসরে যাব।”
জাফর ইকবাল বলেন, “এই ঘটনার পর আমি বুঝতে পারলাম, আমি তোমাদের সাথে অনেক নিষ্ঠুরতা করেছি। আমি আজ তোমাদের সেটা বলার জন্য এসেছি, আমি তোমাদের সাথে আছি। তোমরা যখন নাটক করবে, গানের অনুষ্ঠান করবে আমাদের বলো, আমরা আবার তোমাদের অনুষ্ঠান দেখতে যাব।
“তোমরা নিশ্চিই বুঝতে পারবে, একজন শিক্ষক সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার ছাত্র তার গায়ে হাত তোলে, অপমান করে। আমি আশা করি, তোমরা এ ধরনের কাজ আর কখনও করবে না।”
সমাবেশ শুরুর আগে নয়জন ছাত্রী সাইকেল চালিয়ে জাফর ইকবালকে মুক্তমঞ্চে নিয়ে আসেন।
‘সাদাসিধে কথা-জাফর স্যার ও আমরা’ শিরোনামে এই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী ফয়সাল আহমেদ, মিতু নাহার, শাহজাদী নওরিন, ইয়াসির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আয়েশা তাসনীম, বিভাগীয় প্রধান ড. রেজা সেলিম, সাংবাদিক আবেদ খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. ইয়াসমিন হক ও শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে ক্যাম্পাসে প্রবেশ করে নিজের বাসায় যান জাফর ইকবাল। স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক ও মেয়ে ইয়েশিম ইকবাল তার সঙ্গে ছিলেন।
জাফর ইকবালের ব্যক্তিগত সহাকারী জয়নাল আবেদীন জানান, ঢাকা থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর দেড়টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাফর ইকবাল।
এ সময় শাহজালাল বিশ্ববিদ্য্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
