সৌর বিদ্যুতে সহযোগিতা গতি পাবে, প্রত্যাশা বাংলাদেশের
ভারতে সৌর জোটের শীর্ষ সম্মেলন থেকে সৌর বিদ্যুৎসংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে চলমান সহযোগিতা গতি পাবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ।
১১ মার্চ দিল্লিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অংশগ্রহণ সামনে রেখে বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এই প্রত্যাশার কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ২২টি দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সঙ্গে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে অ্যান্ড সোলার সামিটে অংশ নেবেন রাষ্ট্রপতি। সম্মেলনের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হবে।
মাহমুদ আলী বলেন, ‘সূর্যপুত্রখ্যাত’ সূর্যরশ্মির দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ক্ষেত্রে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে।
এই সম্মেলনে যোগ দেওয়ার আগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি।
ভারত সফর ১২ মার্চ রাষ্ট্রপতি দেশে ফিরবেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ফাইল ছবি
১২১টির বেশি দেশ নিয়ে গঠিত এই জোটের সদস্য দেশগুলোর মধ্যে অধিকাংশই সম্পূর্ণ বা আংশিকভাবে কর্কটক্রান্তীয় অঞ্চল ও মকরক্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থান করে, যেগুলোকে ‘সূর্যরশ্মির দেশ’ বলা হয়ে থাকে।
এই অঞ্চলের অন্যতম দেশ বাংলাদেশ ২৪০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য রয়েছে দেশের সম্পূর্ণ জ্বালানির ১০ শতাংশ বা ২ হাজার মেগাওয়াট সৌর শক্তি উৎপাদন করা।
সরকার এরই মধ্যে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে।
