২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ভণ্ডুলের অপচেষ্টা করলেই ব্যবস্থা: আইজিপি

কেউ নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করলেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 12:03 AM

Updated : 08 Apr 2022, 05:59 PM

গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সতর্কবার্তা দেন তিনি।

জাতীয় নির্বাচনের বছরের শুরুতে পুলিশ প্রধানের দায়িত্ব পান জাবেদ পাটোয়ারী। নতুন দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির সঙ্গে প্রথম বৈঠক করলেন তিনি।

দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আইজিপি বলেন, “নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন ভোটের বিষয়ে সব ধরনের নির্দেশনা দেবে কমিশন। পুলিশ জানমালের নিরাপত্তা বিধান ও সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।”

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের ব্যত্যয় ঘটলে আইনের মধ্য থেকে ব্যবস্থা নেওয়া হবে।

বছরের শেষভাগে ভোটের সূচি থাকায় মাস গড়ানোর সঙ্গে সঙ্গে অস্থিরতা আরও বাড়তে পারে বলে অনেকের আশঙ্কা।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, “কেউ নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা করলে এবং আইন শৃঙ্খলা রক্ষায় ব্যত্যয় ঘটালে কখন কী ব্যবস্থা নিতে হবে তা আইনে বিবৃত রয়েছে।

“অতীতে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছিল, ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সতর্ক থাকতে নির্দেশনা ইসির

১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনে উপ নির্বাচনে ভোটগ্রহণ হবে। সেই সঙ্গে ২৯ মার্চ স্থানীয় সরকারের ১০০টি নির্বাচনও রয়েছে।

আইন শৃঙ্খলা বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নির্বাচন সুন্দরভাবে করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা, বিশৃঙ্খলার তথ্য নেই। তবে সার্বিক বিষয়ে সজাগ থাকার জন্যে বলা হয়েছে।

স্থানীয় সরকারের অনেক নির্বাচন নিয়ে মানুষের মনেও নেতিবাচক ধারণা তৈরির শঙ্কা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, “বর্তমান ইসির অধীনে যেসব নির্বাচন হয়েছে সবগুলোই সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছে। উপ নির্বাচন দুটো ভালোভাবে করতে হবে। এর মূল লক্ষ্য একটাই-সামনে জাতীয় নির্বাচন। কোনোভাবেই যেন সবার অংশগ্রহণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে।”

আইন শৃঙ্খলা বৈঠকে সিইসির সভাপতিত্বে নির্বাচন কমিশনার, ইসি সচিব, দুটি আসনের রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন-পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

দুই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন
১০০ ইউপি-পৌরসভায় ভোট ২৯ মার্চ
জ্বালাও-পোড়াওয়ের সুযোগ দেব না: আইজিপি
পুলিশ তাদের কাজ পেশাদারিত্বের সঙ্গেই করবে: নতুন আইজিপি
ভোটের বছর ডিসি-এসপিদের নজরে রাখার পরামর্শ