জ্বালাও-পোড়াওয়ের সুযোগ দেব না: আইজিপি
সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কাউকে নাশকতার কোনো সুযোগ দেওয়া হবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারান্তরীণ হওয়ার প্রতিবাদে শুক্র-শনিবার বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। তাদের আন্দোলন থেকে সহিংসতার ঘটনা ঘটবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে জনমনে।
নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আইজিপি বলেন, “কোনো নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ জ্বালাও-পোড়াওয়ের চিন্তা করলে তাদের কোনো সুযোগ দেব না।”
রায় ঘোষণা সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব বলেন পুলিশ প্রধান। সংঘর্ষে আহত সাতজন পুলিশ সদস্য এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির ‘গণগ্রেপ্তারের’ অভিযোগ নাকচ করে জাবেদ পাটোয়ারী বলেন, “কোনো গণগ্রেপ্তার হচ্ছে না, টার্গেটেড গ্রেপ্তার করা হচ্ছে।”
এ সময় অন্যদের মধ্যে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার, মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেনসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
