রোহিঙ্গাদের সহায়তায় ২৭ মিলিয়ন ডলার দেবে জাপান
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে বাংলাদেশে জাপানের নতুন রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি রোহিঙ্গাদের এই সহায়তার কথা বলেছেন।
কয়েক যুগ ধরে চার লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানের মধ্যেই গত বছরের অগাস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতা শুরু হলে বাংলাদেশ সীমান্তে নামে রোহিঙ্গাদের ঢল। নতুন করে আসা রোহিঙ্গা সংখ্যা ইতোমধ্যে ছয় লাখ ছাড়িয়েছে।
হিরোয়াসু ইজুমি বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
ইহসানুল করিম বলেন, “রোহিঙ্গাদের জন্য জাপান ২৭ মিলিয়ন ডলার দেবে।”
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকদের দ্রুত প্রত্যাবাসন শুরু করার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য বাংলাদেশের সমর্থন চান জাপানের রাষ্ট্রদূত।
মাতারবাড়ি প্রকল্পে সহযোগিতার কথাও বলেন তিনি।
বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির প্রশংসা করে জাপানের নতুন রাষ্ট্রদূত বলেন, তার দেশের নাগরিকরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
