২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ যাচ্ছে বিদ্যুৎ গতিতে: আইনমন্ত্রী

সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন সারাদেশে বিদ্যুতায়ন হচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 09:52 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

রোববার নিজের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের ছাত্র সমাবেশে একথা বলেন তিনি।

সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে আনিসুল হক বলেন, “আমাদের নেত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ান অব দ্য আর্থ। তিনি যা বলেন, তাই করেন।

“তিনি নিজের টাকায় পদ্মা সেতু হবে বলেছেন, তাই হচ্ছে। তিনি বলেছেন, আকাশে স্যাটেলাইট যাবে। আগামী মার্চ  মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌছে যাবে বলেছেন, বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুত গতিতে বিদ্যুত পৌছে যাচ্ছে।”

নিজ আসনের উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরেন আনিসুল হক।

“গত চার বছরে ব্রাহ্মণবাড়িয়ায় চারশ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এই সময়ে ৭১৭ জনকে সরকারি চাকরি দিয়েছি। এর মধ্যে গত একবছরে চাকরি পেয়েছে ১৬৫ জন।

“আখাউড়ায় শতভাগ বিদ্যুৎ পৌছে গেছে। কসবায়ও আগামী একমাসের মধ্যে শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে। আপনারা মহিলা কলেজের কথা বলেছেন। সেটা আর বলতে হবে না। উন্নয়ন রেললাইনে উঠে গেছে। রেল লাইনে যেমনটি রেলগাড়ি চলে, এই এলাকার উন্নয়নও সেভাবে চলবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “তোমরা লেখাপড়া করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশের অগ্রগতিকে এগিয়ে নেবে।”

আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রাথীকে বিজয়ী করতে ছাত্রলীগকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান আনিসুল হক।

“নৌকাকে বিজয়ী করার মধ্য দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”

কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, বর্তমান সাধারণ সম্পদক এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া বাদল, এম জে হাক্কানী, রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া।

রায় নিয়ে ‘মন্তব্য নয়’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের তারিখ নির্ধারণের পর এনিয়ে পাল্টাপাল্টি চললেও এ নিয়ে কথা বলতে অনীহা দেখিয়েছেন পেশায় আইনজীবী আনিসুল হক।

তিনি বলেন, “রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

“খালেদা জিয়ার রায় নিয়ে যদি কিছু বলি তাহলে সাংবাদিক সাহেবরা লিখবেন। আর ফখরুল সাহেব বলবেন, এটা দোষ, ওইটা দোষ। তিনি পুঁটি মাছের মতো লাফান। উনি বলেছেন যে, আদালত নাকি আইন মন্ত্রণালয়ের নির্দেশে চলে!”

বিএনপি দাবি করছে, উদ্দেশ্যেপ্রণোদিত মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে তাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে সরকার।

আইনমন্ত্রী বলেন, “আদালত ৮ ফেব্রুয়ারি রায়ের দিন নির্ধারণ করেছেন। আদালত বা বিচারক আমার শ্রদ্ধার ব্যক্তি। তিনি যেভাবে মনে করেছেন, সাক্ষী-সাবুদের ভিত্তিতে, সেটাই রায় দেবেন।”

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন স্থগিত নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, “আইন মন্ত্রণালয়ের নির্দেশেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করেছে। পাগল ছাড়া আর কেউ কি এরকম কথা বলে?

“আমি বলি, তাদের আমলেই এরকম হয়েছে। উনাদের আমলে কী হয়েছে? হাই কোর্ট মামলা শুনতে চেয়েছেন। তখন তাদের অ্যাটর্নি জেনালে প্রধান বিচারপতিকে গিয়ে বলেছেন, বেঞ্চ বদলে দেন। তখন ৫ মিনিটের মধ্যে হাই কোর্টের বেঞ্চ বদল করেছে। তারা এইভাবে রাজনীতি করে।

“তারা যখন ক্ষমতায় থাকে তখন ওই রকম হয়। কিন্তু আমরা সেটা করি না। বাংলাদেশে এখন আইনের শাসন আছে। বিচার বিভাগ এখন স্বাধীন। বিচারকরা এখন ন্যায়বিচার করেন।”