ঢাবির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ চায় ছাত্রলীগসহ ৯ সংগঠন
উপাচার্য অবরুদ্ধের পর সংঘটিত ঘটনার তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কমিটি করেছে, তার প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে ছাত্রলীগ নেতৃত্বাধীন ৯টি সংগঠনের জোট।
‘নির্যাতনবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বাম সংগঠনগুলোর নেতৃত্বে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগের প্রেক্ষাপটে শনিবার মধুর ক্যান্টিনে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’র এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
ছাত্রলীগ ছাড়াও এই জোটে রয়েছে জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্রলীগ (বিসিএল), বাংলাদেশ ছাত্র আন্দোলন, ছাত্র সমিতি, বাসদ ছাত্রলীগ, জাতীয় ছাত্র ঐক্য ও জাতীয় ছাত্র কেন্দ্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জাসদ ছাত্রলীগের সভাপতি শামছুল ইসলাম সুমন।
তিনি তদন্ত কমিটির প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের পাশাপাশি তা নিয়ে ছাত্র সংগঠনগেুলোর সঙ্গে আলোচনা করে দোষীদের শাস্তি দেওয়ার আহ্বান জানান।
অধিভুক্ত সাত কলেজের সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।
ঢাকার সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা থেকে এই ঘটনার সূত্রপাত।
গত ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা ‘সাধারণ শিক্ষার্থী’দের উপর চড়াও হলে হামলাকারীদের শাস্তির দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু হয়।
গত ২৩ ফেব্রুয়ারি ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করা হলে ছাত্রলীগ নেতা-কর্মীরা গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চড়াও হন।
উপাচার্যের কার্যালয়ে ‘হামলার প্রতিবাদে’ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ (ফাইল ছবি)
দুটি ঘটনায়ই ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ‘সাধারণ শিক্ষার্থীরাই’ আন্দোলকারীদের প্রতিরোধ করেছে।
সুমন বলেন, গত ১৫ জানুয়ারি অধিভূক্ত সাত কলেজের বাতিলের বিষয়ে কিছুসংখ্যক ছাত্রের আন্দোলন পণ্ড হয়ে যাওয়ার ‘সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় নামধারী আন্দোলনকারী ছাত্র সংগঠন উপাচার্যের অফিস ভাংচুরের ঘটনা ঘটায়, যার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে’।
“ওই সব ঘটনার ফলশ্রুতিতে ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ও ন্যক্কারজনক ঘটনা ঘটে। কতিপয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে এবং তাকে লাঞ্ছিত করে। এই খবর পেয়ে সাধারণ ছাত্রছাত্রীরা উপাচার্যকে উদ্ধার করতে সেখানে গেলে আন্দোলনরত কতিপয় ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং দফায় দফায় তাদের ওপর হামলা করে ও ছাত্রীবোনদের উপর নির্যাতন চালায়, যা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক।”
এর প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ ৩১ জানুয়ারি অপরাজেয় বাংলায় ছাত্র সমাবেশ, ৬ ফেব্রুয়ারি রাজু ভাস্কর্যে মানববন্ধন এবং ৭ ফেব্রুয়ারি উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, ছাত্রলীগ (বিসিএল) সভাপতি শাহজাহান আলী সাজু, ছাত্র আন্দোলনের সভাপতি ইউনুস সিকদার উপস্থিত ছিলেন।
