রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড
রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে দেওয়া সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।
বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত রেনে হোলেনস্টেইন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে তার সরকারের পক্ষ থেকে এই আশ্বাসের কথা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতে শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আমরা চাই তাড়াতাড়ি প্রত্যাবাসন (রোহিঙ্গাদের) শুরু হোক।”
গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখ ৮৮ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই আছে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে।
তাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশ যে সম্মতিপত্রে সই করেছিল, সেখানে দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার লক্ষ্য ঠিক করেছিল দুই দেশ। সেই দুই মাস সময় শেষ হয় মঙ্গলবার।
তবে রোহিঙ্গা পরিবারের তালিকা তৈরি ও যাচাইয়ের কাজ শেষ না হওয়ায় প্রাথমিক লক্ষ্য অনুযায়ী মঙ্গলবার থেকে তাদের ফেরত পাঠানো শুরু করা যায়নি।
ছবি: বাসস
ইহসানুল করিম বলেন, “সুইস রাষ্ট্রদূত বলেছেন, রোহিঙ্গা ইস্যু একটি চ্যালেঞ্জিং কাজ। সুইজারল্যান্ড বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।”
সুইস প্রেসিডেন্ট তার সফরে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রতি একাত্মতা দেখাবেন বলেও জানান দূত।
তিনি আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের ‘উল্লেখযোগ্য’ উন্নয়নের কথা উল্লেখ করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সুইজারল্যান্ড খুব পছন্দ করতেন এবং স্বাধীনতার পর তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে সুইস বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করেন দেশটির নতুন রাষ্ট্রদূত।
তিনি শেখ হাসিনার সরকারের প্রশংসা করে বলেন, তারা বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক কাজ করেছেন।
নতুন রাষ্ট্রদূত তৎকালিন সুইস রাষ্ট্রপতিকে লেখা বঙ্গবন্ধুর একটি চিঠির কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু তার চিকিৎসাকালীন সময়ে সুইস সরকারের আতিথিয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠি লিখেছিলেন।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
