বিচারকের প্রশ্ন বার বার এড়ালেন খালেদার আইনজীবী
কোন অ্যাকাউন্ট থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের টাকা ক্যাশ করা হয়েছে- সেই প্রশ্নের কোনো জবাব আদালতকে দিতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সপ্তম দিনের মত খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক হয়। এদিন যুক্তি উপস্থাপন করেন এ জে মোহাম্মদ আলী।
খালেদার আরেক আইনজীবী আবদুর রেজাক খানকেও একই প্রশ্ন করা হলে তিনিও তা এড়িয়ে যান।
বৃহস্পতিবার যুক্তি উপস্থাপনের এক পর্যায়ে এ জে মোহাম্মদ আলী বলেন, কুয়েতের আমির জিয়াউর রহমানের নামে ট্রাস্ট করার জন্য ১২ লাখ ৫৫ হাজার ডলার দিয়েছিলেন।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান সে সময় প্রশ্ন করেন, “যদি টাকা দিয়ে থাকেন তাহলে তা কোন অ্যাকাউন্টে ক্যাশ করা হয়েছে?”
এ জে মোহাম্মদ আলী এ সময় প্রশ্নের উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করেন।
তিনি বলেন, “আমরা চার্জের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছিলাম। একটা হৈ-চৈয়ের ভেতরে চার্জ ফ্রেম হয়েছে....।”
তখন বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন, “চার্জের উপর তো অনেক হয়ে গেছে। আবার আজ কেন? আপনি কোন একাউন্ট থেকে ক্যাশ করা হয়েছে সে বিষয়ে বলেন...।”
এ জে মোহাম্মদ আলী এ বিষয়ে কোনো জবাব না দিলে খালেদার আরেক আইনজীবী আব্দুর রেজাক খান উঠে দাঁড়ান।
তিনি বলেন, “রেমিটেন্সটা কোথা থেকে এসেছে..., সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। রেমিটেন্সটা কোথা থেকে এসেছে তা তারা (প্রিসিকিউশন) কৈফিয়ত দিতে পারেনি। ব্যাংকের দুইজন অফিসার এসেছিল (সাক্ষী নাম্বার ১২ ও ১৩)। সোনালী ব্যাংকের একটি লোকেরও দৃষ্টি আর্কষণ করা হয়নি যে প্রধানমন্ত্রীর দপ্তরের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সোনালী বাংকের কিনা। এভিডেন্সের জেরা থেকে বলছি।”
বিচারক তখন বলেন, “তাহলে একটু বলুন, জেরা পরে বলুন, আপনাকে সময় দিচ্ছি, ৫৪১৬ একাউন্ট নম্বরটা যদি না হয়ে থাকে, তাহলে আপনি বলেন, আপনারা দাবি করছেন যে ১২ লাখ ৫৫ হাজার ডলার এসেছে, এই ডিডিটা আপনারা কোন অ্যাকাউন্টে ক্যাশ করেছেন?”
এরপর রেজাক খান বলেন, “ইউ গো টু এভিডেন্স।”
দুর্নীতি মামলায় বকশীবাজারে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এবারও প্রশ্নের জবাব না দিয়ে রেজাক খান অন্য প্রসঙ্গে চলে যান।
বিচারক তখন বলেন, “আমি জানতে চাইছি, কোন অ্যাকাউন্টে এই টাকা ক্যাশ করেছেন? একটা অ্যাকাউন্ট এখানে আসতেছে… সেটা কোনটা?”
রেজাক খান বলেন, “প্রসিকিউশনের পক্ষ থেকে দেয়নি…।”
বিচারক বলেন, “আমি আবার বলি, ধরেন প্রসিকিউশন পক্ষ ফেইল করেছে, তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাহলে আপনি কিন্তু স্ট্যান্ড নিয়েছেন যে টাকা দেওয়া হয়েছে অরফানেজ ট্রাস্টে, সে টাকাটা কোথায় ক্যাশ করেছেন?”
রেজাক খান তখন বলে ওঠেন, “নট গিল্টি, নট গিল্টি, নট গিল্টি ।”
তারপর ওই অ্যাকাউন্টের বিষয়ে কথা না বলে অন্য প্রসঙ্গে কথা বলতে থাকেন এই আইনজীবী। পরে আবার এ জে মোহাম্মদ আলী তার যুক্তি তুলে ধরেন।
এদিন বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার উপস্থিতিতে যুক্তিতর্ক শুনানি শুরুর পর মাঝে দুপুরে খাবার বিরতি দিয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শুনানি চলে।
পরে এ জে মোহাম্মদ আলীর আবেদেনে বিচারক শুনানি মুলতবি করে ১০ ও ১১ জানুয়ারি যুক্তিতর্কের জন্য পরবর্তী দিন ধার্য করে দেন।
জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা হারুন আদালতে অভিযোগপত্র দেন।
পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করেন।
মামলার অন্য আসামিরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন। তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ রয়েছেন কারাগারে।
‘নথি জালিয়াতির বিচার চাইব’
এ মামলায় যে নথিগুলো দুদক আদালতে উপস্থাপন করেছে, সেগুলো আসল কী না- তা নিয়ে আবারও সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
‘সৃজন করা নথি আদালতে উপস্থাপনের কারণে’ মামলার বাদী এবং ছয়জন সাক্ষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় বলেও তিনি হুঁশিয়ার করেন।
দুর্নীতি মামলায় বকশীবাজারে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার যুক্তিতর্ক শুনানির পর আদালত থেকে বেরিয়ে মওদুদ সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর দপ্তরের নথি হিসেবে যেসব কাগজ আদালতে উপস্থাপন করা হয়েছে, সেগুলোর মূল নথি পাওয়া যায়নি। এ বিষয়েই এ জে মোহাম্মদ আলী আজ তার বক্তব্য উপস্থাপন করেছেন।”
মওদুদ অভিযোগ করেন, “মূল নথি না পাওয়ায় তারা ছায়া নথি সৃজন করেছে। আমাদের সাক্ষ্য আইনের ৬৩ ধারার অধীনে এটা কখনোই আদালতে এভিডেন্স হওয়ার যোগ্যতা রাখে না। এখানে সব ছেঁড়া কাগজপত্র এবং কোনোটিতেই কারো সই নেই… আমরা যাকে বলি ইঞ্জিনিয়ারিং- সেটা করা হয়েছে। এটা অবশ্যই জাল করা হয়েছে।”
নথি ‘সৃজনে’র অভিযোগে মামলার বাদী দুদকের উপ পরিচালক হারুনুর রশীদসহ কয়েকজনকে দায়ী করেন মওদুদ।
“সাতজনকে আইডেন্টিফাই করা হয়েছে। সচিবালয়ের রুলস অব বিজনেস অনুসারে এই ধরনের কাজ বা দায়িত্ব কিংবা কাগজপত্রে হাত দেওয়ার কোনো অধিকারই তাদের ছিল না। কিন্তু তাদের দিয়েই সৃজন করা হয়েছে।”
মওদুদ বলেন, “এই মামলা সংক্রান্ত প্রধানমন্ত্রীর দপ্তরের মূল নথিগুলো খুঁজে পাওয়া যায়নি বলে দুদক আদালতে জানিয়েছে। তার মানে ধরে নিতে হবে, কোনো মূল নথি ছিল না অথবা কোনো নথি যদি থেকেও থাকে, তা তারা ইচ্ছে করে লুকিয়েছে, কারণ ওই নথি হয়ত বেগম জিয়ার পক্ষে যাবে।”
ওই সাতজনের বিচারের জন্য আবেদন করা হবে বলে সাংবাদিকদের জানান মওদুদ।
অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, কোনো নাথিই জাল নয়।
“তৎকালীন প্রধানমন্ত্রী সচিবালয়ে যে ১০ জন খালেদা জিয়ার সঙ্গে কর্মরত ছিলেন- তারাই এ ডকুমেন্ট লিখেছেন এবং জমা দিয়েছেন। এগুলোই আমরা আদালতে উপস্থাপন করেছি। আজকে তারা বলছে আমরা জাল-জালিয়াতি করেছি। তারা সাক্ষীদের যে জেরা করেছেন সেখানে এ বিষয়গুলো নেই।”
