বিচারকদের চাকরিবিধি: দীর্ঘ টানাপড়েনের অবসান
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধির যে গেজেট সরকার প্রকাশ করেছে, তা গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর মধ্যে দিয়ে ওই গেজেট নিয়ে সরকারের সঙ্গে সর্বোচ্চ আদালতের দীর্ঘ টানাপড়েন আর তিক্ততার অবসান ঘটল।
নানা নাটকীয়তার পর গত ১১ ডিসেম্বর সরকার বিচারকদের চাকরিবিধির ওই গেজেট প্রকাশ করে। পরে তা এফিডেভিট আকারে আপিল বিভাগে জমা দেয় রাষ্ট্রপক্ষ।
অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ বুধবার ওই গেজেট গ্রহণ করে আদেশ দেয়।
আদালত আদেশে বলে, “২০১৬ সালের ২৮ অগাস্ট এই আদালত এই শৃঙ্খলাবিধি তৈরির নির্দেশনা দেয়। সে অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সরকার শৃঙ্খলাবিধির গেজেট জারি করেছে। এই গেজেট আমরা পড়েছি। বিধিতে সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি বজায় রাখা হয়েছে। আমরা এই বিধিমারা গ্রহণ করেছি।”
২০১৬ সালে ২৮ অগাস্ট এ আদালতের দেওয়া কিছু পর্যবেক্ষণ প্রত্যাহারের আবেদন করেছিল সরকারপক্ষ।
আদালত বলেছে, যেহেতু বিধি হয়ে গেছে, সেহেতু ওই পর্যবেক্ষণ ‘পরিত্যক্ত’ বিবেচনায় প্রত্যাহার করা হল।
এ বিষয়টির নিষ্পত্তি করে দেওয়া হলেও যার সূত্র ধরে চাকরিবিধির বিষিয়টি আদালতে এসেছিল, সেই মাজদার হোসেন মামলার পর্যবেক্ষণ চলমান (কন্টিনিউয়াস মেন্ডামাস) রেখেছে আপিল বিভাগ।
মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।
ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। আইন মন্ত্রণালয় পরে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
সরকারের খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি বলে ২০১৬ সালের ২৮ আগাস্ট শুনানিতে জানায় আপিল বিভাগ।
এরপর ওই খসড়া সংশোধন করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেইসঙ্গে তা চূড়ান্ত করে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে বলা হয় আইন মন্ত্রণালয়কে।
আইন ও বিচার বিভাগ থেকে এর আগে শৃঙ্খলা বিধিমালার যে খসড়া সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল, গতবছর ৩০ জুলাই তা গ্রহণ না করে কয়েকটি শব্দ ও বিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা।
শৃঙ্খলাবিধির সেই খসড়া নিয়ে টানাপোড়েনের মধ্যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে বিচারপতি সিনহা ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর দেশ ছাড়ার পর ছুটি শেষে ১০ নভেম্বর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
এরপর গত ১৬ নভেম্বর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে বৈঠক করে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ওই খসড়া নিয়ে মতপার্থক্য দূর হয়েছে। তার ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর গেজেট প্রকাশ করে সরকার।
বুধবার আদালতে বিধিমালার গেজেট উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম।
অ্যাটর্নি জেনারেল পরে সাংবাদিকদের বলেন, “নিম্ন আদালতের বিচারকদের শঙ্খালাবিধি, তাদের চাকরি থেকে অপসারণ বা অন্যান্য বিষয়ে যে বিধান থাকার কথা ছিল- সেগুলো এতদিন ছিল না। আজ থেকে এটা কার্যকর হবে। আদালত সন্তুষ্ট হয়ে এটা গ্রহণ করেছেন।”
প্রকাশিত বিধিমালায় সুপ্রিম কোর্টের ক্ষমতা ‘খর্ব’ হয়েছে বলে যে সমালোচনা এসেছে, তাকে ‘ভ্রান্ত’ আখ্যায়িত করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, “আদালত স্পষ্টভাবে দেখেছেন যে, নিম্ন আদালতের বিচারকদের ব্যাপারে অনুসন্ধান, তদন্ত, শাস্তি প্রদান, আপিল এবং প্রতিটি ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার বিধান রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা, কর্মচারীদের চাকরি বা অপসারণের ক্ষেত্রে রাষ্ট্রপতি বা আইন মন্ত্রণালয়ের সঙ্গে যদি সুপ্রিম কোর্টের মতের কোনো অমিল হয়, তাহলে সুপ্রিম কোর্টের মতামতই প্রাধান্য পাবে।”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
এম আমীর-উল ইসলাম
“অর্থাৎ নতুনভাবে কোনো কিছু আর দায়ের করতে হবে না। এই মামলাতেই বিভিন্ন সময়ে প্রয়োজনে তারা আদেশ দিতে পারবেন। তবে শৃঙ্খলাবিধির বিষয়টি আদালত এখানেই নিষ্পত্তি করে দিয়েছে।”
নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল- তার অবসান ঘটল কি না- এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, “অবশ্যই। যেহেতু এই রুলসটা সন্তুষ্ট হয়ে আদালত গ্রহণ করেছে…।”
ব্যারিস্টার আমীর বলেন, অ্যাটর্নি জেনারেল যে বিধি আদালতে উপস্থাপন করেছেন তা সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী তৈরি করা হয়েছে, যা কর্ম বিভাগের জন্য প্রযোজ্য। সংস্থাপন মন্ত্রণালয়কে সেখানে ‘উপযুক্ত কর্তৃপক্ষ’ বিবেচনা করায় তারা রিট আবেদন করার কথা ভেবেছিলেন।
“বিচার বিভাগের উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে যদি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগকে রাখা হত, তাহলে সেটা সঠিক হত। আমাদের আদি সংবিধানে সেটাই ছিল। এখন উনারা (আপিল বিভাগ) যেটা অ্যাপ্রুভ করে দিলেন, সেসব বিষয় চ্যালেঞ্জ করে রিট করার ইচ্ছা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করে দেওয়ায় সেটা আর সম্ভব হবে না।”
আপিল বিভাগে শৃঙ্খলাবিধির এ মামলা প্রথম ওঠে ২০১২ সালের ৩০ মে। সে সময় প্রধান বিচারপতি ছিলেন মো. মোজাম্মল হোসেন। সাত সদস্যের ওই বেঞ্চে তার সঙ্গে ছিলেন বিচারপাতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. শামসুল হুদা।
তাদের মধ্যে বিচারপতি মোজাম্মল হোসেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. শামসুল হুদা অবসরে গেছেন। নানা আলোচনার জন্ম দিয়ে বিচারপাতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। বর্তমানে পাঁচজনের বেঞ্চে বিচারপতি ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ইমান আলীর সঙ্গে আছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
মোট ৮৪ কার্যদিবস শুনানির পর চাকরিবিধির বিষয়টি নিষ্পত্তি করা হল।
গণমাধ্যমের সমালোচনায় অস্থায়ী প্রধান বিচারপতি
বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধির যে গেজেট প্রকাশের পর তা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।
আদেশ দেওয়ার আগে শুনানির এক পর্যায়ে এ সমালোচনা আসে সর্বোচ্চ আদালত থেকে।
শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে ২০১৬ সালের ২৮ আগস্ট আপিল বিভাগের আদেশের কিছু পর্যবেক্ষক প্রত্যাহারের আবেদন জানান।
তখন দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, সেটা করা যাবে। আগে গেজেটের বিধিগুলো পড়ুন।
অ্যাটর্নি জেনারেল বিধিমালা পড়তে গেলে মাসদার হোসেন মামলার বাদীপক্ষের আইনজীবী আমীর-উল ইসলাম দাঁড়িয়ে বলেন, “আমি তো বিধিমালা চ্যালেঞ্জ করে রিভিউ করব। আমি সাবমিশন দিয়েছি, সেটা নিষ্পত্তি করেন।
“নিয়ম অনুযায়ী রুলস তৈরি করবে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করবেন রাষ্ট্রপতি। এরপর গেজেট জারি হবে।”
আদালত তাকে থামিয়ে বলে, মাসদার হোসেন মামলাতেই আপিল বিভাগ বিধিমালা তৈরি করতে নির্দেশনা দিয়েছিল। সে অনুযায়ী এর আগেও বিধিমালা হয়েছে, গেজেট হয়েছে।
তখন ব্যারিস্টার আমীর এই গেজেট নিয়ে কথা বলতে চাইলে বিচারপতি ওয়াহহাব মিঞা বলেন, “রুলস-এ কী আছে সেটা দেখতে চাই। অন্য কোনো কিছু থাকলে তা যে কোনো সময় পরিবর্তন করার সুযোগ রয়েছে। কিন্তু বলা হচ্ছে, আমরা সব দিয়ে দিয়েছি। কোথায় সব দিয়ে দিয়েছি, তা দেখান? গণমাধ্যমে উল্টাপাল্টা লেখা হচ্ছে।”
আমীর বলেন, “আমি তো বিচার বিভাগের লোক। কিন্ত এটা (প্রকাশিত বিধিমালা) তো কর্ম বিভাগে নিয়ে নেওয়া হয়েছে। আমার সাবমিশন নিষ্পত্তি করেন।”
এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল গেজেট থেকে বিভিন্ন ধারা পড়তে থাকেন।
এসব ধারায় ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার’ কথা আসতে থাকলে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “দেখুন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার বিধান করা হয়েছে।
“দেখুন মিস্টার ইসলাম, উর্ধ্বতন কর্তৃপক্ষের জায়গায় সুপ্রিম কোর্টের নাম ঢুকিয়েছি। আগে সুপ্রিম কোর্টের নাম ছিল না। সবখানে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়া অনুসন্ধান করা যাবে না। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়া সরকার কিচ্ছু করতে পারবে না। অনুসন্ধান শুরুই হবে না সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া। অথচ পত্রিকায় লেখা হচ্ছে সুপ্রিম কোর্ট সব দিয়ে দিয়েছে।”
ধারাবাহিকভাবে ধারা পড়ার সময় বিধিমালার ২৯ নম্বর ধারা এলে আদালত বলে, আগে ধারা ৩০ (খ) ও ৩১ পড়েন। এটা (২৯ ধারা) আরও মারাত্মক।
৩০ ও ৩১ ধারা পড়া শেষ হলে বিচারপতি ওয়াহহাব মিঞা বলে, “এবার ২৯ ধারা দেখুন। সেখানে বলা আছে, কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ প্রাধান্য পাবে। দুঃখ হলো, কেউ পড়ে না। এই ধারাটা না পড়েই মন্তব্য করে। আমরা ৫ জন (আপিল বিভাগের ৫ বিচারপতি) বসলাম। আমরা কি এতই বোকা! আমরা কি নবিশ বিচারক? আমরা নাকি সব শেষ করে দিয়েছি!
“উপযুক্ত কর্তৃপক্ষ কোনো প্রস্তাব দিলেও সুপ্রিম কোর্ট অনুমোদন না দিলে হবে না। কোনো কিছু করতে হলে আমাদের (সুপ্রিম কোর্ট) পরামর্শ গ্রহণ করতে হবে। আগে তো রুলস ছিল না। এখন তো রুলস করা হয়েছে। আমার তো মনে হয় অগেরটায় (সরকার বিধিমালার যে খসড়া সুপ্রিম কোর্টকে দিয়েছিল) সুপ্রিম কোর্টের ক্ষমতা ছিল না।”
এরপর তিনি আমীর-উল ইসলামকে উদ্দেশ করে বলেন, “মিস্টার ইসলাম, রুল পড়ে শুনালাম। এখন আপনার কিছু বলার আছে?”
তখন ব্যারিস্টার আমীর বলেন, “সুপ্রিম কোর্ট গেজেট গ্রহণ করার পর আমার আর কী বলার আছে।”
বিচারপতি ওয়াহহাব মিঞা বলেন, “বাইরে বলা হচ্ছে, গেল গেল সব গেল। আমরা আপিল বিভাগের পাঁচ বিচারপতি সব দিয়ে দিয়েছি।”
এরপর আদালত আদেশ দেয়।
আদেশে বলে, “২০১৬ সালের ২৮ আগস্ট এই আদালত এই শৃঙ্খলাবিধির তৈরির নির্দেশনা দেয়। সে অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সরকার শৃঙ্খলাবিধির গেজেট জারি করেছে। এই গেজেট আমরা পড়েছি। বিধিতে সুপ্রিম কোর্টের প্রাইমেসি বজায় রাখা হয়েছে। আমরা এই বিধিমারা গ্রহণ করেছি।”
আদালত আদেশে আরও বলে, “২০১৬ সালে ২৮ অগাস্ট এই আদালতের দেওয়া কিছু পর্যবেক্ষণ সরকার পক্ষ থেকে প্রত্যাহার চেয়েছিল। বিধি হয়ে গেছে। একারণে পর্যবেক্ষণ এখন পরিত্যক্ত বলে প্রত্যাহার করা হল।”
