আলোর মুখ দেখলো ‘দ্য মুন জাম্পিং’
সৃজনশীল লেখালেখি বিষয়ক পরামর্শক সাবরিনা করিমের প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ ‘দ্য মুন জাম্পিং’ আলোর মুখ দেখলো।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।
তিনি বলেন, “আগে শিশুরা বই পেয়েই খুশি হতো, এখন আর খুশি হয় না; বই পড়েও না, যন্ত্র নিয়ে ব্যস্ত থাকে।
“রবীন্দ্রনাথ যেটা বলেছেন, শিশু শিক্ষার সর্বশ্রেষ্ঠ উপাদান হল কল্পনাশক্তির বিস্তার। এই কল্পনাশক্তির বিস্তার যেখানে নেই, সেখানে শিশুদের শেখানো যায় না।”
সাবরিনার বইটি ইংরেজি সাহিত্যের সঙ্গে শিশুদের যোগাযোগ আরও বাড়াবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মুস্তাফা বলেন, “আমাদের সময়ে আমরা তো বই পড়ে বড় হয়েছি, তখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল বই পড়া। আমরা ওই আইপ্যাড নিয়ে খেলা করিনি, কেননা আমরা পাইনি।
“শিশুদের বইমুখী করা বা তাদের হাতে বই তুলে দেওয়ার প্রয়োজন থেকেই আমি বইটি লিখেছি।”
‘দ্য মুন জাম্পিং’ বইটির বিষয়ে লেখক বলেন, “গল্পটির মাধ্যমে শিশুরা বন্ধুত্বের মর্যাদা ও ভাল-মন্দের পার্থক্য বুঝতে পারবে।
“ব্যক্তিগতভাবে আমি মনে করি, শৈশবে যদি মনের কল্পনা প্রবাহমান না হয়, তাহলে পরিণত বয়সে মানবিক গুণাবলি সৃজনশীলতা এ দুটোরই খামতি থেকে যেতে পারে। এই জায়গা থেকেই বইটি লিখেছি আমি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের মেয়ে সাবরিনা করিম শৈশব থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। তিনি ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন।
এর পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সাংবাদিক হিসেবে পেশাগত জীবন শুরু করেন তিনি; কাজ করেছেন সেভ দ্য চিলড্রেনের সাথে। তিনি এখন সিঙ্গাপুরে শিশুদের জন্য সৃজনশীল লেখালেখি বিষয়ক পরামর্শক।
সাবরিনার ‘দ্য মুন জাম্পিং’ বইটি বেঙ্ল বই, জ্ঞানকোষ, বই বিচিত্রাসহ রকমারি ডটকম থেকেও কেনা যাবে,যার মূল্য ১৫ টাকা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আশা ইসলাম নাইমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবরিনা করিমের মা ফ্যাশন ডিজাইনার শিরীন করিম।
