ভোট চলছে রংপুরে
উত্তরের জনপদ রংপুরে নগর ব্যবস্থাপনায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন প্রায় চার লাখ ভোটার।
নির্বাচন কর্মকর্তারা জানাচ্ছেন, রংপুর সিটি করপোরেশনের ১৯৩টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোট শুরু হয়। এই ভোট চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
সকালে শীত উপেক্ষা করেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়। সকাল থেকে কোথাও কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
বছর শেষে স্থানীয় সরকারের এ বড় আসরে দলীয় প্রতীকেই ভোট হচ্ছে। প্রধান তিন দলের অংশগ্রহণে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ২৭৬ জন প্রার্থী নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের আভাস মিলছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেমন জয়ের প্রত্যাশা করছে, তেমনি দলীয় চেয়ারপারসন এইচ এম এরশাদের শহরে জয়ের আশায় বুক বেঁধেছে জাতীয় পার্টিও। বিএনপি আশঙ্কা করছে ভোট কারচুপির।
পর্যবেক্ষকরা বলছেন, এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। আর নির্বাচন কমিশন বলছে, এ নির্বাচনকে তারা মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে চায়। নির্বিঘ্ন ভোট করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সকালে ভোট শুরুর সময় মাহিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের ভালো উপস্থিতি দেখা যায়। খুব বেশি কুয়াশা না থাকায় দিনের শুরুতেই তারা ভোট দেওয়ার কাজটি সেরে ফেলতে এসেছেন।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান জানান, মোট ২ হাজার ৯৪৫ জন ভোটার রয়েছেন এ কেন্দ্রে। শুরুর পর থেকে ভোট চলছে নির্বিঘ্নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে তিনি আশা করছেন।
এ নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডের লায়ন্স স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্র এবং ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।”
আর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ভোটের আগের দিন বলেছেন, সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে বলেই তিনি আশা করছেন।
রংপুরেই নির্বাচন কমিশনের নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রথম পরীক্ষা হচ্ছে। নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ছয়টি বুথে এবার ইভিএমে ভোট হচ্ছে। ওই ছয় বুথে ভোটার রয়েছেন ২ হাজার ৫৯ জন।
ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বিকালে ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে চলবে গণনা। আর গণনা শেষে পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষণা করা হবে ভোটের ফলাফল।
ভোট তথ্য >> মেয়র পদে ৭ প্রার্থী; ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৬৫ জন। >> ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬; নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। >> মোট ভোট কেন্দ্র ১৯৩। ভোটকক্ষ ১১৭৮টি। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি; এটি হল ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজ। এ কেন্দ্রের ৬টি বুথে ইভিএমে ভোট দিতে পারবেন ২ হাজার ৫৯ ভোটার। >> মেয়র প্রার্থী: আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি) |
লড়াই এই কার্যালয়ের আসন নেওয়ার
২০১২ সালরে ২৮ জুন পৌরসভা থেকে উন্নীত হয় রংপুর সিটি করপোরেশন। ওই বছর ২০ ডিসেম্বর এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র হয়েছিল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু।
আগামী পাঁচবছর ঝন্টুই মেয়রের চেয়ারে থাকবেন; নাকি সেই ধারায় ছেদ টেনে নগর ভবনে যাবেন অন্য কেউ- ব্যালটে সেই রায় দিচ্ছেন ভোটাররা
নগরীর বাসিন্দারা বলছেন, মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও লড়াই হবে মূলত নৌকা ও লাঙ্গলে।
আওয়ামী লীগ নেতারা বলছেন, রংপুরে ঝন্টুর জয় হলে তা সরকারের কাজের প্রতি জনগণের সমর্থনের প্রকাশ ঘটবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, “গত ৫ বছরে রংপুর নগরীতে যত উন্নয়ন হয়েছে, তা আগে কখনও হয়নি। আমরা মনে করি, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে মানুষ নৌকায় আস্থা রাখবে।”
অন্যদিকে জাতীয় পার্টির নেতারা বলছেন, তাদের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা জয় হলে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের এলাকায় তার মর্যাদা অক্ষুণ্ন থাকবে। দলের
দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ এম ইয়াসির বলেন, “রংপুর এরশাদের ঘাঁটি। এরশাদ মানেই লাঙ্গল। ভোটাররা লাঙ্গলই বেছে নেবেন।”
সরফুদ্দীন আহমেদ ঝন্টু
মোস্তাফিজার রহমান মোস্তফা
“এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে না। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে আমরা একটা মেসেজ দিতে পারি।”
তার কথার জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, রংপুরে বিএনপির নিশ্চিত হার জেনেই দলটির মহাসচিব ‘উল্টাপাল্টা’ বক্তব্য দিচ্ছেন।
“তাদের প্রার্থী হয়তে দুই নম্বরও হবে না। সেজন্য তিনি আগে থেকে উল্টাপাল্টা কথা বলছেন।”
বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম ইসির উদ্দেশে বলেছেন, “দেশের মানু্ষ রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। এটা ইসির জন্য একটা এসিড টেস্ট । এই টেস্টে যদি জয়যুক্ত হতে পারেন, তাহলে মানুষের আস্থা আপনাদের উপর বাড়বে এবং থাকবে।”
কার কোথায় ভোট
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সকালে নগরীর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। গত সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে বর্জনের ঘোষণা দিয়েও রংপুর-৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হন সাবেক এই রাষ্ট্রপতি। পরে তিনি শপথও নেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা গুপ্তপাড়া সালেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
সাত মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টুও সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তফা নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং বিএনপির কাওসার জামান বাবলা দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
রংপুর নির্বাচনের আরও খবর
রংপুরে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দিতে বললেন ফখরুল রংপুরে হার জেনেই উল্টাপাল্টা বলছেন মির্জা ফখরুল: হাছান
