২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিদ্রোহী প্রার্থী ভাতিজাকে বহিষ্কার এরশাদের

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ভাতিজা এইচএম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

ও রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 11:53 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আসিফ শাহরিয়ার এরশাদের আপন ছোট ভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে।

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের চেয়ারম্যানের নির্দেশ অমান্যের কারণে’ তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Image
এইচএম আসিফ শাহরিয়ার

এইচএম আসিফ শাহরিয়ার

এতে বলা হয়, “জাতীয় পার্টির দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পার্টি চেয়ারম্যানের নির্দেশ ও সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ শাহরিয়ার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবী থেকে বহিস্কার করা হয়েছে।”

আসিফ শাহরিয়ারের পক্ষে কেউ নির্বাচনী প্রচারে অংশ নিলে তাকেও দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে।

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আসিফ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমি এখনও কোনো কাগজ হাতে পাইনি। তাছাড়া এ নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। নির্বাচনে আছি, নির্বাচন করব।”