রংপুরে ভোট ইসির জন্য ‘এসিড টেস্ট’: জাপা
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট হলেও ভোট শেষ হওয়া পর্যন্ত এই অবস্থা ধরে রাখতে সিইসির প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।
রংপুরে ভোটের আগের দিন বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে এই আহ্বান জানিয়ে আসেন সংসদে প্রধান বিরোধী দলের নেতারা।
বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম বৈঠকে বলেন, “দেশের মানু্ষ রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। এটা আপনাদের জন্য একটা এসিড টেস্ট । এই টেস্টে যদি জয়যুক্ত হতে পারেন, তাহলে মানুষের আস্থা আপনাদের উপর বাড়বে এবং থাকবে।”
জাতীয় পার্টির চেয়ারপারসন এইচ এম এরশাদের এলাকা রংপুরে বৃহস্পতিবার সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। এতে মেয়র পদে জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
আগামী সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বর্তমান ইসির কার্যক্রমে সন্তুষ্টির কথা জানিয়ে তাজুল বলেন, ইসির ওপর জাতীয় পার্টির আস্থা রয়েছে।
সিইসির সঙ্গে দেখা করলেও কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও কমিশনের কাছে জানাননি দলটির নেতারা।
তাজুল বলেন, “আমাদের কোনো অভিযোগ নেই। নির্বাচটা যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেটি জানিয়েছি। নির্বাচনে অনেক সময় সাধারণত হঠাৎ করে প্রবলেমটা হয়। সেগুলো যাতে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করা যায়। সেই বিষয়টি তাদেরকে জানাতে এসেছি।”
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ইসির সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টির প্রতিনিধি দল। তাজুলের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, খালেদ আখতার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী শেখ ও মো. আশেকুল আমীন।
বৈঠকে সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী।
