২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ এখন রংপুরের ভোটে

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে প্রধান তিন দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের আভাস মিলছে।

মঈনুল হক চৌধুরী

ও শাহজাদা মিয়া আজাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 12:04 AM

Updated : 11 Oct 2022, 02:51 PM

পুরনো খবর:

এক নজরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন
রংপুর সিটি ভোট: প্রার্থীদের হলফনামার তথ্য তুলে ধরল সুজন
ঝন্টুর ভরসা ‘উন্নয়ন’, মোস্তফার এরশাদের ‘ইমেজ’
রংপুরের পরিস্থিতি অনুকূলে: সিইসি
সংসদের আগে রংপুরে ‘বার্তা’ দিতে চায় ইসি
রংপুরে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দিতে বললেন ফখরুল
রংপুরে হার জেনেই উল্টাপাল্টা বলছেন মির্জা ফখরুল: হাছান
রংপুরে ভোট ইসির জন্য ‘এসিড টেস্ট’: জাপা
রংপুর সিটি নির্বাচনে প্রার্থী তৃতীয় লিঙ্গের নাদিরা
রংপুরে বিদ্রোহী প্রার্থী ভাতিজাকে বহিষ্কার এরশাদের

বছর শেষে স্থানীয় সরকারের এ বড় আসরে দলীয় প্রতীকেই ভোট হচ্ছে বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেমন জয়ের প্রত্যাশা করছে, তেমনি দলীয় চেয়ারপারসন এইচ এম এরশাদের শহরে জয়ের আশায় বুক বেঁধেছে জাতীয় পার্টিও। বিএনপি আশঙ্কা করছে ভোট কারচুপির।

নির্বাচন কমিশন বলছে, নির্বিঘ্ন ভোট করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হবে না, এটাকে মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে চায় সাংবিধানিক সংস্থাটি।

পর্যবেক্ষকরা বলছেন, এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই।

প্রধান দলগুলোর লড়াইয়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন দেখতে চান তারা; যাতে মানুষের আস্থা বাড়ে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান ইসির সক্ষমতা সবার কাছে প্রতিফলিত হয়।

রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেছেন, “উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর আমরা।”

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।”

কেন্দ্রে ব্যালটসহ ভোট সামগ্রী

বুধবার ১৯৩টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট বাক্স ও ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, রংপুর পুলিশ লাইন্স মাঠে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, আনসার ভিডিপির কমান্ডার আবদুস ছামাদসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে রিটার্নিং কর্মকর্তা সুভাষ সরকার বলেন, “দেশ-বিদেশের মানুষ তাকিয়ে আছে রংপুর সিটি নির্বাচনের দিকে। আপনাদের ওপর নির্ভর করছে আমাদের ভাবমূর্তি।”

ডিআইজি খন্দকার ফারুক পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশে বলেন, “নির্বাচনে দায়িত্ব পালনে আপনাদের কোনো শঙ্কা বা ভয় নেই। কারণ প্রতিটি কেন্দ্রে ২২ জন থেকে ২৪ জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা। আমরা ১০০ ভাগ তাদের সহায়তা করে যাব।”

ভোট তথ্য

>> মেয়র পদে ৭ প্রার্থী; ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৬৫ জন।

>> ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬; নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

>> মোট ভোট কেন্দ্র ১৯৩। ভোটকক্ষ ১১৭৮টি। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি; এটি হল ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজ। এ কেন্দ্রের ৬টি বুথে ইভিএমে ভোট দিতে পারবেন ২ হাজার ৫৯ ভোটার।

>> মেয়র প্রার্থী:  আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)

ঝন্টুর ধারাবাহিকতা, না মোস্তফাতে পরিবর্তন?

দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত এই সিটি করপোরেশনে কি সরফুদ্দীন আহমেদ ঝন্টুই থাকবেন মেয়রের চেয়ারে; নাকি সেই ধারায় ছেদ টেনে নগর ভবনে যাবেন মোস্তাফিজার রহমান মোস্তফা- প্রায় চার লাখ ভোটার ব্যালটে সেই রায় দেবেন।

Image
লড়াই এই কার্যালয়ের আসন নেওয়ার

লড়াই এই কার্যালয়ের আসন নেওয়ার

নগরীর বাসিন্দারা বলছেন, মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও লড়াই হবে নৌকা ও লাঙ্গলে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, রংপুরে ঝন্টুর জয় হলে তা সরকারের কাজের প্রতি জনগণের সমর্থনের প্রকাশ ঘটবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, “গত ৫ বছরে রংপুর নগরীতে যত উন্নয়ন হয়েছে, তা আগে কখনও হয়নি। আমরা মনে করি, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে মানুষ নৌকায় আস্থা রাখবে।”

অন্যদিকে জাতীয় পার্টির নেতারা বলছেন, মোস্তফার জয় হলে এরশাদের এলাকায় তার মর্যাদা অক্ষুণ্ন থাকবে। দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ এম ইয়াসির বলেন, “রংপুর এরশাদের ঘাঁটি। এরশাদ মানেই লাঙ্গল। ভোটাররা লাঙ্গলই বেছে নেবেন।”

দিনভর বাড়িতে ঝন্টু ও মোস্তফা

টানা ১৬ দিন প্রচার-প্রচারণা শেষে ভোটের আগের দিন বাড়িতেই কাটিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

বাড়িতে নেতা-কর্মীদের সময় দিয়েছেন তারা। ১৯৩টি ভোটকেন্দ্রে নিয়োগকৃত পোলিং এজেন্ট ও স্বেচ্ছাসেবকদের নানা নির্দেশনা দিয়েছেন। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে কথাও বলেছেন তারা।

Image
আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু

আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু

Image
জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা

সন্ধ্যায় নগরীর গুপ্তপাড়ায় বাসায় ঝন্টু সাংবাদিকদের বলেন, “আমি জিতব এবং গতবারের চেয়ে এবার বেশি ভোটের ব্যবধানে জিতব আশা করি।”

বিকেলে নগরীর কলেজ রোডের বাসায় মোস্তফা সাংবাদিকদের বলেন, “লাঙ্গল রংপুরের মাটি ও মানুষের প্রতীক। লাঙ্গলের পক্ষে ভোট বিপ্লব হবে। আমি বিপুল ভোটে জিতব।”

কে কোথায় ভোট দেবেন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ নগরীর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে ভোট দেবেন। ভোট দেওয়ার জন্য তিনি এখন রংপুর শহরে পল্লী নিবাসের বাসায় রয়েছেন।

Image
ভোট দিতে এইচ এম এরশাদ এখন রংপুরে

ভোট দিতে এইচ এম এরশাদ এখন রংপুরে

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার গুপ্তপাড়া সালমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।    

সাত মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টুর সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তফা নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট দেবেন।

বিএনপির কাওসার জামান বাবলা সকাল ১০টায় ভোট দেবেন দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

তবে অন্য চার মেয়র প্রার্থী তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। 

ভোটের আগে কথার লড়াই

দলীয় প্রার্থী বাবলার পক্ষে রংপুরে প্রচারে নামা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন শুধু রংপুর সিটি নির্বাচন নয়, এটি সারাদেশে দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে না। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে আমরা একটা মেসেজ দিতে পারি।”

নির্বাচনে ভোট কারচুপি ঠেকাতে সব কেন্দ্রে নেতাকর্মীদের পাহারায় থাকতে বলেন বিএনপির মহাসচিব।

Image
রংপুরে প্রচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রংপুরে প্রচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তার কথার জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, রংপুরে বিএনপির নিশ্চিত হার জেনেই দলটির মহাসচিব ‘উল্টাপাল্টা’ বক্তব্য দিচ্ছেন।

“তাদের প্রার্থী হয়তে দুই নম্বরও হবে না। সেজন্য তিনি আগে থেকে উল্টাপাল্টা কথা বলছেন।”

বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম ইসির উদ্দেশে বলেছেন, “দেশের মানু্ষ রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। এটা  ইসির জন্য একটা এসিড টেস্ট । এই টেস্টে যদি জয়যুক্ত হতে পারেন, তাহলে মানুষের আস্থা আপনাদের উপর বাড়বে এবং থাকবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে: সিইসি

রংপুরে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা রেখে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ভোটের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে এবং সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে।

তিনি বলেন, “ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন, তাতে পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।” তবে রংপুরের একটিমাত্র কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার কথা বললেও শেষ মুহূর্তে সংশয়ের কথা বলেছেন সিইসি।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, “রংপুর সিটি নির্বাচনকে আমরা মডেল নির্বাচন করতে চাই। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রংপুরে সংসদের বার্তা

২০১৮ সালের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচন হবে। তার আগে রংপুর ছাড়া আরও ছয় সিটি করপোরেশনের ভোট করবে বর্তমান ইসি।

Image
ভোটের আগের দিন সিইসিসহ নির্বাচন কমিশনাররা

ভোটের আগের দিন সিইসিসহ নির্বাচন কমিশনাররা

স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে ইসি জাতীয় নির্বাচনের বিষয়ে বার্তা দিতে চায় জানিয়ে নূরুল হুদা বলেন,  “সেই বার্তা দেওয়া শুরু হয়ে গেছে। কুমিল্লা থেকে এসেছে। অন্য নির্বাচন যেগুলো করেছি জাতীয় পর্যায়ে দুটো [উপ] নির্বাচন করলাম এবং ভবিষ্যতে যে নির্বাচনগুলো করব, রংপুর সিটি করপোরেশনসহ সবগুলো নির্বাচনের মাধ্যমে আমরা সেই বার্তাগুলো পৌঁছে দিতে চাই।”

সব কটি নির্বাচন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার কথা তুলে ধরে সিইসি বলেন,  “জাতীয় নির্বাচনে যাতে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে আমাদের প্রতি আস্থার অবস্থান সৃষ্টি হয়, আমরা সেজন্য অবশ্যই কাজ করে যাব এবং যাচ্ছি।”

ভালো ভোটের প্রত্যশা পর্যবেক্ষকদের

নির্বাচন পর‌্যবেক্ষকদের একটি মোর্চা ইলেকশন ওয়ারর্কিং গ্রুপের (ইডব্লিউজি) পরিচালক আব্দুল আলীম বলেন, “এ নির্বাচনের দিকে সবার দৃষ্টি। বছর শেষের এ নির্বাচন সরকার, ইসি ও দল উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।

“বর্তমান কমিশন কুমিল্লায় শুভ সূচনা করেছে, রংপুরের মধ্য দিয়েই মানুষকে যেন বার্তা দিতে পারে সে লক্ষ্যেই ভোট করতে হবে।”

তিনি বলেন, “দলগুলোর লড়াই ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের চেয়ে অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হওয়াটাই আসল। ভালো নির্বাচন হলে, ভোটাররা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারলেই আগামী নির্বাচন নিয়ে মানুষের ইতিবাচক বার্তা পাবে। আশা করি, বছর শেষে সবার প্রত্যাশা পূরণ হবে।”

কমিশনের উদ্যোগ এখনও পর্যন্ত ‘প্রসংশনীয়’ বলে মনে করেন আব্দুল আলীম।

নিরাপত্তার চাদর

রিটার্নিং অফিসার জানান, নির্বাচনের নিরাপত্তায় ৫ হাজার ৫০০ সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে বিজিবি ২১ প্লাটুন (৬৩০ জন), র‌্যাব ৩৩ টিম (৪০০ জন), পুলিশ ও আনসার সদস্য থাকবে ৪ হাজার ৪৭০ জন।

এছাড়া একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩টি স্ট্রাইকিং ফোর্স, একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

মাঠে রয়েছে ৩৩টি স্ট্রাইকিং ফোর্স। ইসির নিজস্ব কর্মকর্তারা পরিচয় গোপন রেখে নির্বাচনের সামগ্রিক পরিবেশ সম্পর্কে তথ্য দিতে রয়েছে ১১টি ‘নীরব পর্যবেক্ষক’ দল।

একজন রিটার্নিং অফিসার, ১১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৯৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২২৪৪ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন ভোট পরিচালনায়।

২০১২ সালরে ২৮ জুন পৌরসভা থেকে উন্নীত হয় রংপুর সিটি করপোরেশন। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন হয় নির্দলীয় প্রতীকে। দ্বিতীয়বারের এ ভোট হচ্ছে রংপুরের দলীয় প্রতীকে।