২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুবান্ধব আদালতে গুরুত্ব বিচারপতি ওয়াহহাব মিঞার

শিশুদের অধিকার নিশ্চিতে শিশু আদালত তাদের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলার কথা বলেছ্নে প্রধান বিচারপতির দায়িত্ব পালনরত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 01:21 AM

Updated : 12 Apr 2022, 12:57 AM

তিনি বলেছেন, “কোনো শিশুই খারাপ হয়ে জন্মায় না। প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে সে খারাপের সংস্পর্শে আসতে থাকে। কর্তৃত্বপরায়ণ ধারণা বাদ দিয়ে শিশু আদালতকে শিশু আদালত হিসেবেই দেখতে হবে।

“একজন প্রাপ্তবয়স্ক অপরাধীর মতো একটি শিশু অপরাধীকে বিবেচনা করলে হবে না। তাছাড়া শিশু আদালত হতে হবে বিশেষ সাজসজ্জা, আসন বিন্যাসের। সর্বোপরি শিশুবান্ধব।”

শিশু অধিকার রক্ষা ও শিশুদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইউনিসেফ ও সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ অনুষ্ঠান হয়।

সুপ্রিম কোর্টের পক্ষে রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এদুয়ার্দ বেগবেদার নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। বর্ধিত এই চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে আদালত ও প্রতিষ্ঠানগুলোতে শিশু আদালতের জন্য প্রশাসনিক কার্যক্রম চালু করা হবে। ডেটাবেজ গড়ে তোলা হবে।

গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। তার আগেই আরও দুই বছরের জন্য অর্থাৎ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমঝোতা স্মারকটির মেয়াদ বাড়ানো হলো। 

দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ২৭ বছর আগে বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষর করে। বিশ্বে শিশু অধিকার রক্ষায় এই সনদ একটি মাইলফলক। এই সনদের আলোকেই ২০১৩ সালে বাংলাদেশ শিশু আইন প্রণয়ন করে।

দেশের সর্বোচ্চ আদালত থেকে এ বিষয়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য রায় হয়েছে। এসব রায়ের মধ্য দিয়ে আইনটির সামাজিক বাস্তবতা, আইনের সীমানা এবং আইনটির সাংঘর্ষিক দিকগুলো ব্যাখ্যা করা হয়েছে।

“শিশু অধিকার রক্ষায় ঘোষিত এসব রায়ে যেসব সুপারিশ ও নির্দেশনা দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ডের আলোকেই।’

দেশের ১৬টি জেলায় শিশুবান্ধব শিশু আদালতের অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে ইউনিসেফ।এছাড়া চলতি ডিসেম্বরে দেশের ৬৯টি শিশু আদালতে তথ্য প্রযুক্তিভিত্তিক প্রশাসন গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে তারা।

এদুয়ার্দ বেগবেদার বলেন, “শিশু আইন ২০১৩ শিশুদের অধিকার রক্ষায় একটি অন্যতম আইনি দলিল। তবে এ আইনের কার্যকর প্রয়োগের ওপরই মূলত এর সাফল্য নির্ভর করছে। বিশেষ করে শিশুদের জন্য ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্প্রসারিত করতে।” 

অনুষ্ঠানের আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী ও হাই কোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমদু হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, ইউনিসেফ বাংলাদেশের উপ-প্রতিনিধি সীমা সেনগুপ্ত ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।