২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার হাজার মুক্তিযোদ্ধার প্রশিক্ষক যে নারী

নিজের দু’হাত দিয়ে নয়, বরং 'হাজারও হাত নিয়ে' বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছেন সহস্রাধিক মুক্তিযোদ্ধাকে। তাদের খাবার রান্না করা ও ক্যাম্পের হাসপাতালের যুদ্ধাহত রোগীদের সেবা-শ্বশ্রুষা দিয়ে আগলে রাখতেন পরম মায়ায়।

কাজী নাফিয়া রহমান

অলীপ ঘটক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2017, 02:16 PM

Updated : 19 Aug 2022, 06:11 PM

মুক্তিযুদ্ধে এভাবেই বহুমুখী ভূমিকা রেখেছিলেন খুরশীদ জাহান বেগম। ১৯৭১ সালের জুন মাসে যিনি নিজের সদ্য ভূমিষ্ঠ পাঁচ মাসের সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তি সংগ্রামে।

বিজয়ের ৪৬তম বার্ষিকীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নারী মুক্তিযোদ্ধা শুনিয়েছেন তার যুদ্ধদিনের কথা।

খুরশীদ জাহান ১৯৬৮ সালে খুলনার ইকবাল নগর গার্লস হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে বাগেরহাট সরকারি পিসি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছাত্র ইউনিয়নে যুক্ত হয়ে ১৯৬৯ সালে গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

এরই মধ্যে যুদ্ধে অংশ নিতে তার বড় ভাই পাকিস্তান সেনবাহিনী থেকে পালিয়ে চলে আসনে দেশে। রাজনীতিতে সম্পৃক্ততার জন্য রাজাকারদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে পড়েন পুরো পরিবার।

খুরশীদ জাহান জানান, তখন মুসলিমদের খুব কম মেয়েই কলেজে পড়ার সুযোগ পেত। আর রাজনীতি করার কারণে এলাকার অনেকেরই চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি।

ফলে মুক্তিযুদ্ধ শুরুর পর থেকেই পলাতক জীবন শুরু হয়ে যায় খুরশীদের জাহানের।

খুরশীদ জাহানের ভাষায়, “প্রায়ই রাজাকার এসে আমাকে আর আমার ভাইকে খুঁজত। তখন আমার কোলে দুগ্ধপোষ্য সন্তান। এপ্রিলের শেষ থেকে আমাদের পলাতক জীবন শুরু।"

এরপর মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষায় খোঁজ পান মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের।

“তখন বাচ্চা নিয়ে পালিয়ে বেড়াচ্ছি আর দেখছি কোথায় মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেওয়া যায়। এভাবে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত খবর পাওয়া গেল, জিয়াউদ্দিন আহমেদ নামের এক ভদ্রলোক সুন্দরবনে একটা ক্যাম্প করেছেন। ঘটনাচক্রে আমার স্বামীও ছিল সেই ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ডার।”

পাঁচ মাসের সন্তানকে নিয়ে দুই ভাই-বোন সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করেন।

খুরশীদ জাহান ৯ নম্বর সেক্টরের অধীনস্ত সুন্দরবন সাব-সেক্টরের বগী ক্যাম্পে নাম রেজিস্ট্রেশন করেন। পরদিন তাকে নিয়ে যাওয়া হয় শরণখোলা ক্যাম্পে।

 

খুরশীদ জাহান বলেন, “শরণখোলা ক্যাম্পে ১৫ দিন প্রশিক্ষণের পর আমাদের নিয়ে যাওয়া হল সুন্দরবনের ভিতরের মূল ক্যাম্পে, যেটা তেতুলবাড়িয়া নদীর পাড়ে। এ নদীর পাড়ে ১৪টির মতো ক্যাম্প ছিল।”

সেখান থেকে তাকে নেওয়া হয় ক্যাম্পের হেড কোয়ার্টারে। সেখানে আরও কিছুদিন অস্ত্র চালানোর কৌশল রপ্ত করেন তিনি। প্রথমেই হ্যান্ড গ্রেনেড ছোড়া শেখানো হয় তাকে। এরপর একে একে থ্রি নট থ্রি, এসএলআর , শর্ট মেশিনগান, ল্যান্ড মাইন চালানো শিখে ফেলেন খুরশীদ জাহান।

প্রশিক্ষণ শেষে নেওয়া পরীক্ষায় তার পারদর্শিতা দেখে কমান্ডিং অফিসার তাকে বেশ কিছু দায়িত্ব বুঝিয়ে দিলেন।

সে অনুযায়ী, নারী ক্যাম্পের অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নতুন আসা মুক্তিযোদ্ধাদের অস্ত্র চালনা, যুদ্ধের কৌশল ও নিয়মকানুন প্রশিক্ষণ দিতেন।

এছাড়াও যোদ্ধাদের জন্য শত শত রুটি, খাবার তৈরি, ক্যাম্পের হাসপাতালের রোগীদের সেবা, যুদ্ধে আসা মেয়েদের দেখে রাখার দায়িত্ব ছিল তার। এর পাশাপাশি তার দায়িত্ব ‍ছিল বিভিন্ন ক্যাম্পগুলোতে ঘুরে গুপ্তচরের কাজ করা।

"কারণ তখন ক্যাম্পে পাকিস্তানি ও রাজাকার গুপ্তচর ধরা পড়েছিল। এসব গোপন রিপোর্টও দিতে হত আমাকে।"

কিন্তু সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার প্রবল ইচ্ছা ছিল খুরশীদ জাহানের।

“তখন আমাকে আমার কমান্ডিং অফিসার বললেন, দেখেন আমরা সবাই তো যোদ্ধা। আমরা তো যুদ্ধ করতে এসেছি। আমরা কেউ এখানে বসে থাকার জন্য আসিনি। মাঝি যদি নৌকা বেয়ে আমাদের নিয়ে না যায়, আমরা তাহলে সেখানে গন্তব্যে পৌঁছাতে পারব না। রাধুঁনী যদি রান্না করে না খাওয়ায়, তাহলে আমরা খাব কী? যুদ্ধ করব কী করে? তাই এখানের সবাই যোদ্ধা।

“কমান্ডিং অফিসার বলেছিলেন- ‘আপনি আপনার দুই হাত দিয়ে যুদ্ধ করতে পারবেন। কিন্তু এখানে আপনি দুই হাজার হাত তৈরি করুন, এতে আপনার শক্তি আরও বাড়বে।'”

যুদ্ধদিনের স্মৃতি বর্ণনা করে এ নারী মুক্তিযোদ্ধা বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি শেষ দিন পর্যন্ত। আমার সন্তানের দিকে আমি তাকাইনি, ওখানে কয়েক হাজার সন্তানের সেবা-শ্বশ্রুষা করেছি।

“ওখানে অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিল, সুন্দরবনের ভিতর এত বিষাক্ত পোকামাকড় ছিল; ওই কামড়ে জ্বর এসে যেত অনেকের, বিকারগ্রস্ত হয়ে ভুল বকত। ১২/১৫ বছরের ছেলেরা এসে ‘মা’ বলে জড়িয়ে ধরত। সারা রাত হয়ত জড়িয়ে ধরে আছে, আমিও বুকের মধ্যে নিয়ে আছি। বাচ্চাটাও কাঁদছে, আমিও কাঁদছি। মায়ের মমতায় সেবা করেছি, সে এক অন্যরকম অনুভূতি।”

ক্যাম্পে যাওয়ার প্রথম দিনেই সালাম নামের ১০-১২ বছরের এক কিশোরের কাছে নিজের ৫ মাসের ছেলেকে বুঝিয়ে দেন খুরশীদ জাহান।

“বাচ্চাকে দেখে রাখা, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো- সবকিছুই ছেলেটি রপ্ত করেছিল দু-তিন দিনের মধ্যে। আমার বাচ্চাটাও খুব শান্ত ছিল, সে কারণে তাকে রেখে আমি প্রশিক্ষণসহ অন্যান্য কাজ করতে পেরেছি। তখন টঙে (ক্যাম্পে) থাকা মেয়েরা বলেছে, আমরা ওকে দেখে রাখব আপা। আপনি আপনার ডিউটি পালন করেন

“রাতের পর রাত আমি হাসপাতালে থেকেছি। আমার মনেও হত না যে আমার বাচ্চাটা কি 'মা মা' করে কাঁদে? খাচ্ছে কি খাচ্ছে না? বরং মনে হত, অসুস্থ বাচ্চাটা মায়ের কোলে ফিরে যাবে কি না? এখন আমিই ওর মা।”

ক্যাম্পে ওষুধ-পথ্যের অভাব থাকলেও স্নেহ-ভালবাসা দিয়ে সবার অভাব পূরণের চেষ্টা করতেন খুরশীদ জাহান।

তবে সম্মুখ যুদ্ধে অংশ নিতে না পেরে অতৃপ্তি রয়ে গেছে এই নারী মুক্তিযোদ্ধার।

“আমার মনে একটা অতৃপ্তি-আফসোস রয়ে গেছে যে, আমি কোনো সম্মুখ যুদ্ধে অংশ নিতে পারিনি।"

সম্মুখ যুদ্ধে অংশ না নেওয়ায় অনেকের বিরূপ মন্তব্যের শিকারও হতে হয়েছে তাকে।

খুরশীদ জাহান বলেন, “অনেকে বলে, সে যুদ্ধ করেনি, সে কী করে যোদ্ধা? আবার দেশীয় প্রশিক্ষণ নিয়েছি বলে শুনতে হয়েছে- লোকাল ট্রেনিং, এরাও নাকি আবার মুক্তিযোদ্ধা।

“আমি লোকাল ট্রেনিং বলে আমি কি মুক্তিযোদ্ধা হব না? আমি সম্মুখযুদ্ধে যেতে পারিনি। আমাকে যেতে দেওয়া হয়নি। আমার কমান্ডার বলেছেন, আপনি তো তৈরিই আছেন। যখনই ডাক দেব, চলে আসবেন। প্রশিক্ষণে আপনাকে বেশি দরকার। তার কথামতো আমি প্রশিক্ষণ দিয়েছি হাজার হাজার ছেলেমেয়েদের।

“তারপরও এ ধরনের মন্তব্য খুবই দুঃখজনক। কিন্তু সুন্দরবনের ভিতরে প্রতিটি মুহূর্তকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। একটা মুহূর্তও আমি নষ্ট হতে দিতে চাইনি। সেটা রাত হোক আর দিন হোক।”

পুরুষবেশেও হয়নি যাওয়া

সম্মুখ যুদ্ধ অংশ নেওয়ার প্রবল ইচ্ছা থেকেই একবার কমান্ডিং অফিসারের পোশাক ‘চুরি’ করে যুদ্ধে যেতে চেয়েছিলেন খুরশীদ জাহান।

সে সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, “একদিন রায়েন্দা বাজারে মুক্তিযোদ্ধাদের একটা দল অপারেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি ঠিক করলাম, ওদের সাথে অপারেশনে যাব। তাই ফন্দী আঁটলাম। ডিঙি নিয়ে চলে গেলাম কমান্ডিং অফিসারের বোটে। সবাই তো সব জায়গায় যেতে পারবে না। কিন্তু আমার সব জায়গায় যাওয়ার অনুমতি ছিল।

“আমি বোটের জানালা দিয়ে বোটে ঢুকে সৈনিকদের সাথে কথা বলছিলাম। কিন্তু আমার চোখ তো ঘুরছে যে, কমান্ডিং অফিসারের ড্রেস কোথায়? দেখলাম, হুকে টাঙানো আছে। আমি সেটা টান দিয়ে নিয়ে আমার ডিঙিতে রেখে দিলাম।”

পরদিন সকালে সেই অফিসারের পোশাক পরেই ‘ফলিং’ এ গিয়েছিলেন খুরশীদ। কিন্তু সেখানে তাকে চিনে ফেলায় ফিরে আসতে হয়েছে খুরশীদ জাহানকে।

“তখন তো বয়স কম ছিল। মনে করেছিলাম, পুরুষের পোশাক পরে পুরুষ হয়ে গেছি। আমাকে তো কেউ চিনতে পারবে না। কিন্তু চিনে ফেলেছিল।”

এ ঘটনার জন্য তাকে ‘শাস্তি’ও পেতে হয়। শাস্তিস্বরূপ তাকে ক্যাম্পের হাসপাতালের জন্য ১০/১৫টা শাড়ি জোড়া দিয়ে মশারি বানাতে হয়েছে।  

স্বাধীনতা পরবর্তীতে ফিরে আসার পরেও কিছুদিন পালিয়ে বেড়াতে হয়েছে খুরশীদ জাহানকে।

পরে ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত লেখাপড়া ও পারিবারিক দায়িত্ব পালন করে ১৯৮০ সালে তিনি সোনালী ব্যাংকে চাকরিতে যোগ দেন। ২০০৬ সালে স্বেচ্ছায় অবসর নিয়ে বর্তমানে তিনি লেখা-লেখি নিয়ে ব্যস্ত।

খুলনার টুটপাড়া সেন্ট্রাল রোডে বসবাসকারী ৬৬ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি বই প্রকাশিত হয়েছে এবং আরও কিছু বই প্রকাশের অপেক্ষায় আছে।

প্রচারবিমুখ এই নারী মুক্তিযোদ্ধা বলেন, “আমার মা’কে ডাকাত ধরেছে বা আমার মা শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে। মা’কে বাঁচানো আমার কর্তব্য। দেশ হলো আমার মা। আমি তাকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করেছি। এটা তো গল্প করে বেড়ানোর জিনিস না। এটার কোনো ফায়দাও কোনোদিন নিইনি।

“যার যতটুকু আছে, তাই নিয়েই যেন সবাই স্বাধীনতার সুফলটা ভোগ করতে পারে। এই কথাটা যেন বলতে না পারে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে কি রেখে গেছে আমাদের জন্য? কিছুই তো রেখে যায়নি। আমাদের ভালো না বলুক, দুটো গালি যেন না দেয়।”

দেশের জন্য সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করার পরামর্শ দেন এ মুক্তিযোদ্ধা।

একাত্তরের সম্মুখ সমরে: টাঙ্গাইলের ‘অপারেশন বল্লা’

একাত্তরের সম্মুখ সমরে: মুক্ত আকাশের নিচে বিজয়ের আরো কাছে

একাত্তরের সম্মুখ সমরে: দুই দিনের যুদ্ধে শত্রুমুক্ত কুষ্টিয়া

একাত্তরের সম্মুখ সমরে: কামালপুরের পথ ধরে এগিয়েছিল বিজয়রথ

একাত্তরের সম্মুখ সমরে: মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণ শুরু চট্টগ্রামে

একাত্তরের সম্মুখ সমরে: পথ দেখালো জয়দেবপুর

একাত্তরের সম্মুখ সমরে: দুরবিন টিলায় ‘মনের যুদ্ধ’

অপারেশন জ্যাকপট: মুক্তিযুদ্ধের ‘টার্নিং পয়েন্ট’

একাত্তরের সম্মুখ সমরে: সম্মিলিত আক্রমণে ভাঙল পাকিস্তানি প্রতিরক্ষাব্যূহ