২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উপেক্ষিত নারীকে নতুন মর্যাদা দেন রোকেয়া’

বস্তুবাদী ও জ্ঞানতাত্ত্বিক ভাবনায় ইতিহাসে উপেক্ষিত নারীকে রোকেয়া সাখাওয়াত হোসেন ‘নতুন মর্যাদা’ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ইতিহাসের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 01:39 AM

Updated : 11 Oct 2022, 02:49 PM

রোকেয়া দিবস উপলক্ষে রোববার বিকালে বাংলা একাডেমি আয়োজিত একক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “ঊনিশ ও বিশ শতকে সাবিত্রী দেবী ফুলে, পণ্ডিতা রমাবাঈ, সরলা দেবী ও রোকেয়া নারীমুক্তির নানামাত্রিক বৈপ্লবিক পথরেখা নির্ধারণ করে দেখিয়েছেন পৃথিবীতে নারীর অনগ্রসরতার নেপথ্যে কাজ করে দর্শনগত দারিদ্র্য। এর ফলে আমাদের প্রচলিত সমাজ নারী-পুরুষ বিভাজনের সংস্কৃতি চালু করে।

“রোকেয়া বাঙালি মুসলমান সমাজের পরিসরে অবস্থান করে এই বিভাজনের সংস্কৃতির বিরুদ্ধে তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় দিক থেকে লড়াই করেছেন। তিনি বস্তুবাদী ও জ্ঞানতাত্ত্বিক নারী ভাবনায় ইতিহাসে উপেক্ষিত নারীকে নতুন মর্যাদা দান করেছেন।” 

অধ্যাপক পারভীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

তিনি বলেন, “রোকেয়া নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে দিয়ে গেছেন সম্মুখ যাত্রার দিশা। রংপুরের প্রত্যন্ত পায়রাবন্দের রোকেয়া নারীমুক্তির যে আলোর শিখা জ্বেলে দিয়ে গেছেন তা আজও আমাদের সার্বিক মুক্তির পথে অনিঃশেষ প্রেরণা দিয়ে চলেছে।”

রোকেয়া তার ব্যক্তি ও সাহিত্য জীবনে ‘চিন্তাশীল ও বাস্তবানুগ’ ছিলেন বলে মন্তব্য করেন অধ্যাপক পারভীন হাসান।

তিনি বলেন, “রক্ষণশীল সমাজের ভেতর অবস্থান করেও সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ সাপেক্ষে নারীদের সামনে তাদের অবনত অবস্থা তুলে ধরেছেন এবং এই অবস্থার অবসানকল্পে শাস্ত্রের উদাহরণ দিয়েই শাস্ত্রভীরু পরিস্থিতি মোকাবেলার প্রয়াস পেয়েছেন।”