২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতাবস্থার আদেশে নদী দখল উচ্ছেদ ব্যাহত: মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, নদ-নদীর অবৈধ দখল উচ্ছেদে গেলে দখলদাররা আদালতের স্থিতাবস্থার আদেশ দেখিয়ে দেওয়ায় সেগুলো দখলমুক্ত করা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 07:15 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দখল ও দূষণের কারণে ঢাকার চারপাশের নদীগুলোর কাছে যাওয়া যায় না।

“নদীগুলো দখলমুক্ত করে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়। তবে স্থগিতাদেশের কারণে অনেক সময় তা করা যায় না।”

তবে বুড়িগঙ্গা ও তুরাগসহ ঢাকার চারটি মূল নদীর জমি দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা উদ্ধার হয়েছে আদালতের আদেশেই।

অবৈধ দখল উচ্ছেদে রাজউক কর্মকর্তারা ‘ঠিকমতো দায়িত্ব পালন না করায়’ ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, “অনেকবার বলার পরও রাজউকের কর্মকর্তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে না। নাইনটি এইট পার্সেন্ট ভবন আছে ফুটপাত সংলগ্ন। কিন্তু রাজউক চুপ। রাজউকের অথরাইজড অফিসার চুপ, রাজউকের ইন্সপেক্টর চুপ। এমনটাতো হতে পারে না।”

আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্যও রাজউক কর্মকর্তাদের দায়ী করেন তিনি।

মন্ত্রী বলেন, “আবাসিক এলাকা কার সামনে বাণিজ্যিকীকরণ হচ্ছে, আমার অথরাইজড অফিসারের সামনে হচ্ছে। দে আর ব্লাইন্ড। ব্লাইন্ড হোয়াই? নিশ্চয়ই কোনো কারণ আছে ব্লাইন্ড হওয়ার। তারপর যখন হয়ে যায় তখন আর ভাঙতে পারে না।”

দখল উচ্ছেদে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “আমাদের সিএস পর্চা ধরে ড্রেজার লাগিয়ে যদি আমার পোরশনটা আমি নিয়ে নিই, কে কী করছে স্থাপনা সেটা আমার দেখার দরকার নাই।”

ভূমিদস্যুরা রাজধানীর চারপাশের নিম্নাঞ্চল ভরাট করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে নিয়মিত প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

“আপনারা যদি ধারাবাহিকভাবে রিপোর্ট করেন, তাহলে দেখা যাবে যে তারা কিছুটা ভয় পেয়েছে।”

সাংবাদিক ওমর ফারুকের স্মরণে আলোচনা এবং তার পরিবারকে অনুদানের চেক প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

ওমর ফারুকের স্ত্রী সানজিদা শওকত এবং বড় মেয়ে ফারিহা ওমরের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম জানায়, সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় আসা বিজ্ঞাপনের আয় থেকে ওমর ফারুকের পরিবারকে এই অর্থ সাহায্য দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আয়োজক সংগঠনের সভাপতি অমিতোষ পাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, রাজউকের উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুনুর রশিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এসএম মামুন, দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বক্তব্য রাখেন।