২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামিপক্ষ ‘হতাশ’, রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া ‘পরে’

পিলখানা হত্যা মামলার রায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী; আর রাষ্ট্রপক্ষ বলেছে, তাদের প্রতিক্রিয়া পাওয়া যাবে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 08:42 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

পুরনো খবর:

পিলখানা হত্যা: ১৩৯ আসামির মৃত্যুদণ্ড, ১৮৫ জনের যাবজ্জীবন

বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ সোমবার এই রায়ে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড ও ১৮৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত দিয়েছে।

তিন থেকে দশ বছরের সাজা হয়েছে ২২৮ আসামির। ৮৪৬ জন আসামির মধ্যে সব মিলিয়ে ২৮৮ জন খালাস পেয়েছেন।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আজকে রায় যেভাবে ঘোষণা হয়েছে- সেভাবে রায় হতে পারে না। রাষ্ট্রপক্ষ যে রায় চেয়েছে, তারাও মনে হয় এ রকম প্রত্যাশা করে নাই।”

২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ঢাকার জজ আদালত ২০১৩ সালে এ মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া ২৫৬ আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সেই রায়ের বিরুদ্ধে আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে সোমবার হাই কোর্ট রায় ঘোষণা করে।

Image
আইনজীবী আমিনুল ইসলাম

আইনজীবী আমিনুল ইসলাম

Image
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

আইনজীবী আমিনুল ইসলাম বলেন, “বেশিরভাগ ক্ষেত্রে মাত্র একজন সাক্ষী বা কোনো সাক্ষী ছাড়া যে রায় নিম্ন আদালত দিয়েছিল, তারই কাছাকাছি রায় বহাল রাখা হয়েছে। হাই কোর্ট আজ যে রায় দিয়েছে, তার বিষয়ে আমাদের বলার কিছু নেই। তবে এই রায় আমরা প্রত্যাশা করি নাই।”

আপিল করবেন কী- এ প্রশ্নে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা দেখে তিনি তার মক্কেলদের সুপ্রিম কোর্টে আপিল করার পরামর্শ দেবেন।

“সেখানে নিশ্চই তারা ন্যায়বিচার পাবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি নির্দ্বিধায় বলছি, এই রায়ে ন্যায়বিচার হয়েছে বলে আমরা মানতে পারছি না।”

আসামিপক্ষে এ মামলায় আরও শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, আবদুল বাসেত মজুমদার, মহসীন রশীদ, এস এম শাহজাহান, এ এস এম আবদুল মুবিন, দাউদুর রহমান মিনা, শামীম সরদার ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম।

রায়ের পর সাংবাদিকদের প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “সংবিধানের বিধান আছে- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করবেন। করলে আপিল শুনানি হবে। আপিল বিভাগ আপিল শুনবেন।”

রায়ে সন্তুষ্ট কী না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “রায় না দেখে বলতে পারব না। খুব বেশি খালাস হয়নি।”

মাহবুবে আলমের সঙ্গে এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির, মোশাররফ হোসেন কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার, শেখ বাহারুল ইসলাম ও জাহিদ সরওয়ার কাজল।