২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর বাড়ানোর বিপক্ষে মন্ত্রী তোফায়েল

ভোটের আগের বছর গৃহকর বাড়ালে তার মানুষকে বিরূপ করে তুলবে আশঙ্কা থেকে সিটি কর্পোরেশনগুলোকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2017, 01:02 AM

Updated : 19 Aug 2022, 05:59 PM

বৃহস্পতিবার সংসদে এক অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, “গৃহকর হঠাৎ করে নয় গুণ বাড়ানো হলে তা মানুষ গ্রহণ করবে না। এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে।”

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন গৃহকর বা হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়নের কাজ শুরুর পর তা নিয়ে নগরবাসীর মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চট্টগ্রামে এ নিয়ে আন্দোলনও চলছে।

ঢাকায় জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বৃহস্পতিবার সংসদে এ নিয়ে আলোচনার সূত্রপাত ঘটান।

তিনি বলেন, “মেয়র, স্থানীয় সরকার মন্ত্রী কর বাড়ান। কিন্তু জনগণকে জবাবদিহি করতে হয় সংসদ সদস্যদের। আরও দুই-এক বছর আগে গৃহকর বাড়ানো হলে সমস্যা হত না। নির্বাচনের এক বছর আগে গৃহকর বাড়ানোর সিদ্ধান্তে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।”

বিরোধীদলীয় সংসদ সদস্যের বক্তব্যকে সমর্থন জানিয়ে তোফায়েল বলেন, “আবু হোসেন বাবলা যে কথাটি বলেছেন, তা সঠিক। এর আগে কাজী ফিরোজ রশীদও এটা নিয়ে কথা বলেছেন। আমি নিজেও টেলিভিশনে দেখেছি- বেশ কিছু লোক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

“ট্যাক্স বাড়বে, এটা অস্বাভাবিক নয়। দিনে দিনে সবই বেড়ে থাকে। এখানে তারা কয়েক বছর ধরে ট্যাক্স বাড়ায়নি। কিন্ত সেটা যদি একসাথে ৯ গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তা মানুষ গ্রহণ করবে না।”

ঢাকার বনানীতে নিজের ‘ছোটখাটো’ একটি বাড়ি থাকার কথা জানিয়ে মন্ত্রী তোফায়েল বলেন, “আকস্মিকভাবে ৮ হাজার টাকার ট্যাক্স ৭২ হাজার টাকা হলে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হবে। এটা পুনর্বিবেচনা প্রয়োজন।”

সরকারের শেষ সময়ে এসে গৃহকর পুনর্মূল্যায়ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অপরিপক্ক সিদ্ধান্ত বলে মনে করেন বর্ষীয়ান এই রাজনীতিক।

মন্ত্রিসভার সদস্য হিসেবে নিজের পক্ষে ‘সব কিছু বলা সম্ভব নয়’ বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বিষয়টি মন্ত্রিসভায় আলোচনা করার অনুরোধ করেন।

চট্টগ্রামে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু বলেন, “চট্টগ্রামেও গৃহকর বাড়ানো হয়েছে। বাড়ি বাড়ি চিঠি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে মহল্লায় মহল্লায় আন্দোলন হচ্ছে। এটি একটি রাজনৈতিক সরকার। কোন প্রেক্ষাপটে কর বাড়াতে চাইছে?

“এক বছর পর নির্বাচন। বিদ্যুৎ ও গ্যাসের বেশি দাম, বাড়তি কর নিয়ে জনগণের সামনে যেতে হবে। রাজনৈতিক সরকারকে সঠিক রাজনৈতিক বিবেচনা করতে হবে। নির্বাচনের সময় সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।”

বাবলুর বক্তব্যের পর ডেপুটি স্পিকার বলেন, “নির্বাচনের আগে বা পরে সেটা বিষয় নয়, ১০ বছর পর একবারে ১০ গুণ কর বাড়ানো গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। অবশ্যই সরকার এই বিষয়টি বিবেচনা করবে।”