দক্ষতা অর্জন করলে মানুষ মূল্যায়ন করবে: রাঙ্গা
কাজ করার দক্ষতা ও যোগ্যতা অর্জন করলে মানুষ মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
এসময় ‘চেঞ্জমেকারদের’ উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “অজ্ঞ থেকে গেলে আপনারা এগিয়ে যেতে পারবেন না। কাজ করার দক্ষতা ও যোগ্যতা অর্জন করলেই মানুষ আপনাদের মূল্যায়ন করবে। নারীদের বিভিন্ন কারিগরিসহ আয়বর্ধনমূলক কাজে যুক্ত হতে হবে।
“অনেক কষ্ট করে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এ ধরনের আন্দোলনের মাধ্যমেই নারীরা তাদের অধিকার অর্জন করতে পেরেছে। আজকে বিভিন্ন ধর্মীয় অনুশাসন, বিভিন্ন ধর্মগ্রন্থে নারীদের যেভাবে রাখতে চেয়েছে, সেভাবে যদি আমাদের নারীরা থাকে, তাহলে তারা কিন্তু এ অবস্থায় আসতে পারবে না। এজন্য ধর্ম-কর্ম করতে হবে, ধর্মের সাথে নিজেকে খাপ খাইয়ে বাকী কাজগুলো করতে হবে।"
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নারীদের বিশেষ প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও যারা ড্রাইভিং শিখেছেন কিন্তু লাইসেন্স পাননি, পরিবহন সেবার সাথে যুক্ত থাকায় তিনি বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
নারীর প্রতি সকল ধরনের নির্যাতনকে বন্ধ করতে এবং নারীর অধিকার সমুন্নত করার লক্ষ্যে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় ‘সখি’ প্রকল্পের আওতায় ‘নির্যাতনকে করেছি জয়’ শীর্ষক আয়বর্ধনমূলক কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে ‘আমরাই পারি’ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, “ধর্ম-বর্ণ নারী-পুরুষ নির্বিশেষে সকল স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধ করে যে দেশ পেয়েছে, তার মূল আকাঙ্ক্ষা ছিল এদেশে কোনো বৈষম্য থাকবে না, নির্যাতন থাকবে না। এ দেশ হবে নারী পুরুষ সকল মানুষের। মুক্তিযুদ্ধে নারীর অবদান কোনো অংশেই পুরুষের থেকে কম নয়।"
“নারীকে আগে নির্যাতনমুক্ত পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। একটি নির্যাতনমুক্ত পরিবেশ থেকেই নারী শিক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে সমাজে ও পরিবারে অবদান রাখার জন্য নিজেকে তৈরি করবে।”
অনুষ্ঠানে আমরা পারি জোটের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১০০০ নারীকে অভিনন্দনপত্র ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের সাফল্য, সুযোগ ও বাধাবিপত্তির কথা উঠে আসে। পাশাপাশি নারীদের সেলাই ব্লক বাটিকের কাজে সীমাবদ্ধ থাকার ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অধিকাংশই ইলেক্ট্রনিক্স, উড ওয়ার্ক, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে সাফল্যের সঙ্গে অংশ নিয়ে এখন উপার্জন করছেন বলেও জানান আয়োজকরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘আমরাই পারি’ জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (এসআরএইচআরঅ্যান্ড জেন্ডার) ড. এ্যানি ভেস্টজেন্স, এসিড সারভাইভরস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ।
