রিমান্ড শেষে দুই ভাইসহ কারাগারে আপন মালিক দিলদার
অর্থপাচারের তিন মামলায় জিজ্ঞাসাবাদ শেষে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম ও তার দু্ই ভাই গুলজার আহমেদ এবং আজাদ আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার একদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন শুল্ক গোয়েন্দারা।
শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আসামি দিলদার ও ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাস আসামি গুলজার এবং আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন জানিয়েছেন।
গত ২ নভেম্বর ঢাকার পৃথক দুটি আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করে।
জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দিলদারের ছেলে সাফাত আহমেদ। সাফাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেনের’ তদন্তে নামে শুল্ক গোয়েন্দারা।
এরপর গত ১২ অগাস্ট শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মুদ্রাপাচারসহ বিভিন্ন অভিযোগে দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে।
মামলায় অভিযোগ করা হয়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার এনে এর অর্থ অবৈধভাবে বিদেশে পাঠানো হয়েছে। পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদের সঠিক পরিমাণ তারা আয়কর বিবরণীতে উল্লেখ করেনি।
এসব মামলায় দিলদার ভাইয়েরা হাই কোর্ট থেকে জামিন নিলেও তার মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে হাজির না হওয়ায় গত ২২ ও ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
তিন ভাই ২৪ অক্টোবর ঢাকার মহানগর আদালতে ভিন্ন ভিন্ন হাকিমের কাছে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে পান শুল্ক গোয়েন্দারা।
