২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপন মালিক দিলদার ভাইরা রিমান্ডে

অর্থপাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাইকে এক দিনের জন্য শুল্ক গোয়েন্দাদের হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 11:33 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

ঢাকার বনানীর হোটেলে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার ও তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ সপ্তাহখানেক ধরে কারাগারে আছেন।

অর্থ পাচারের তিন মামলায় বৃহস্পতিবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন শুল্ক গোয়েন্দারা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. নূরনবী রমনা থানার মামলায় দিলদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আর ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী গুলশান থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আসামি গুলজার ও আজাদ আহমেদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দিলদারের ছেলে সাফাত আহমেদ। সাফাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেনের’ তদন্তে নামে শুল্ক গোয়েন্দারা।

এরপর গত ১২ অগাস্ট শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মুদ্রাপাচারসহ বিভিন্ন অভিযোগে দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে।

মামলায় অভিযোগ করা হয়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার এনে এর অর্থ অবৈধভাবে বিদেশে পাঠানো হয়েছে। পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদের সঠিক পরিমাণ তারা আয়কর বিবরণীতে উল্লেখ করেনি।

এসব মামলায় দিলদার ভাইয়েরা হাই কোর্ট থেকে জামিন নিলেও তার মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে হাজির না হওয়ায় গত ২২ ও ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

তিন ভাই ২৪ অক্টোবর ঢাকার মহানগর আদালতে ভিন্ন ভিন্ন হাকিমের কাছে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।

পুরনো খবর:

ছেলের পর এবার আপন জুয়েলার্সের মালিকও কারাগারে