ছেলের পর এবার আপন জুয়েলার্সের মালিকও কারাগারে
ছেলে বন্দি হওয়ার ছয় মাস পর এবার কারাগারে যেতে হল আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদকে।
মুদ্রা পাচার মামলায় মঙ্গলবার আত্মসমর্পণের পর দিলদারের সঙ্গে তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকেও কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার আদালত।
জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দিলদারের ছেলে সাফাত আহমেদ। তার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে।
সাফাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে তখন দেশজুড়ে তোলপাড়ের মধ্যে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেনের’ তদন্তে নামে শুল্ক গোয়েন্দারা।
এরপর গত ১২ অগাস্ট শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মুদ্রাপাচারসহ বিভিন্ন অভিযোগে দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে।
মামলায় অভিযোগ করা হয়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার এনে এর অর্থ অবৈধভাবে বিদেশে পাঠানো হয়েছে। পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদের সঠিক পরিমাণ তারা আয়কর বিবরণীতে উল্লেখ করেনি।
এসব মামলায় দিলদার ভাইয়েরা হাই কোর্ট থেকে জামিন নিলেও তার মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মঙ্গলবার দিলদার, গুলজার ও আজাদ ঢাকার মহানগর আদালতে ভিন্ন ভিন্ন হাকিমের কাছে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ হয়।
মঙ্গলবার আদালতে গুলজার আহমেদ ও আজাদ আহমেদ
তাদের পক্ষে জামিনের আবেদন হলেও সব আদালতই তা নামঞ্জুর করে।
জামিন আবেদনের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী নজিবুল্লাহ হীরু বলেন, “যে আইনে মামলাগুলো করা হয়েছে তা ঠিক নয়। আসামিরা মুদ্রা পাচারের সঙ্গে জড়িত নন।”
