২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটি ভোট: মনোনয়ন দেবেন কে, নাম চেয়েছে ইসি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়নের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর সাত দিনের মধ্যে জমা দিতে রাজনীনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 07:58 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

ইসির সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত এ চিঠি সব দলের সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

রাজীব আহসান জানান, মেয়র পদে দলীয়ভাবে ভোট হচ্ছে। এক্ষেত্রে দল মনোনীত প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সম পর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে প্রার্থীকে। কোনো দল একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবে না।

চিঠিতে বলা হয়েছে- সংশ্লিষ্ট রাজনৈতিক দল কোনো ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষমতা দিলে দলটির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে (১১ নভেম্বর) রিটার্নিং অফিসারের কাছে এবং পত্রটির একটি অনুলিপি নির্বাচন কমিশনে পাঠাতে হবে।

২১ ডিসেম্বর এ সিটি করপোরেশনে ভোটের তারিখ রেখে যে তফসিল ঘোষণা করা হয়েছে, তাতে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহীরা ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ৩ ডিসেম্বর পর্যন্ত প্রর্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে।

মেয়র পদে দলীয় প্রার্থিতার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থিতার ক্ষেত্রে ৩০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তালিকা দিতে হবে। কাউন্সিলর পদে ভোট হবে নির্দলীয়ভাবে।

রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড আছে ৩৩টি; সংরক্ষিত ওয়ার্ড ১১টি। তিন লাখ ৮৮ হাজার ৪২১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ পুরুষ এবং ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন নারী।

২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। নির্দলীয় ওই নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন।

পুরনো খবর:

রংপুর সিটি ভোট: মনোনয়ন জমা ২২ নভেম্বর পর্যন্ত