মা-ছেলে হত্যা: গ্রেপ্তার জনি রিমান্ডে
ঢাকার কাকরাইলে ব্যবসায়ী আব্দুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওন হত্যা মামলায় তার তৃতীয় স্ত্রীর ভাই আল আমিন জনিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
একদিন আগে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার জনিকে রোববার ঢাকার আদালতে হাজির করে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী হোসেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব ছয় দিন হেফাজতের নির্দেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি; জনিও আদালতে কোনো কথা বলেননি।”
করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন নাহার মুক্তাকে এরই মধ্যে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
শামসুন্নাহারের ভাই আশরাফ আলীর করা মামলায় অভিযোগ করা হয়েছে, করিম ও মুক্তার পরিকল্পনায় জনিই কয়েকজনকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান।
তবে গ্রেপ্তারের পর জনি র্যাবকে বলেছেন, তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।
পারিবারিক দ্বন্দ্বে বোনের যন্ত্রণা দেখে তার সতীন ও তার ছেলেকে হত্যা করেন বলে স্বীকারোক্তি দিয়েছেন এই যুবক।
গত ১ নভেম্বর কাকরাইলে ছুরিকাঘাতে নিহত হন করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার ও তার ছোট ছেলে শাওন। তার বড় দুই ছেলে বিদেশে থাকেন।
ব্যবসায়ী করিম মোট তিনটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী ফরিদার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বছর চারেক আগে মুক্তাকে বিয়ে করেন তিনি।
করিমের সম্পত্তির অধিকাংশই প্রথম স্ত্রী শামসুন্নাহারের নামে, যা নিয়ে অসন্তোষ ছিল মুক্তার।
এই নিয়ে কলহ থেকে সম্প্রতি করিম মুক্তাকে তালাক দেওয়ার হুমকি দিয়েছিলেন জানিয়ে জনি বলছেন, তখন মুক্তা আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনাই বোনের সতীনকে হত্যায় প্ররোচিত করেছিল তাকে।
