জীবনতৃষ্ণায় আমি এখনো তরুণ: আনিসুজ্জামান
আশির ঘর পেরোনো বাংলার সাহিত্যের অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, জীবনতৃঞ্চায় তিনি এখনো ‘তরুণ’।
শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে চন্দ্রাবতী একাডেমির আয়োজনে ‘অধ্যাপক আনিসুজ্জামান অশীতিবর্ষপূর্তি উদযাপন’ হয়।
শিশু শিল্পীদের কণ্ঠে ‘এদিন আজি কোন ঘরে গো খুলে দিলো দ্বার’ শিরোনামে মাঙ্গলিক সংগীতের মধ্য দিয়ে পুষ্পবৃষ্টিতে সিক্ত হয়ে মিলনায়তনে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
১৮ ফেব্রুয়ারি তার জন্মবার্ষিকী হলেও অসুস্থতার কারণে সেদিন কোনো আয়োজন ছিল না। তবে তার প্রীতিভাজনরা জন্মদিনের আয়োজনটি করবেন বলেই পণ করেছিলেন।
সবার ভালোবাসায় সিক্ত হয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “এই ফেব্রুয়ারি মাসে আমার জীবনের আশি বছর পূর্ণ হল। এতদিনে নিজেকে বিজ্ঞ বলে দাবি করার সুযোগ পাওয়া গেল।”
তিনি বলেন, “সত্তর বৎসর বয়স্ক লোকের শোক-সংবাদ পড়ি কাগজে: বার্ধক্যজনিত রোগে তাঁর মৃত্যু হয়েছে। আমি তো আশি পেরোলাম, আমার ক্ষেত্রে কী বলা হবে? অতিবার্ধক্যজনিত?
“অথচ নিজেকে আমি বৃদ্ধ ভাবতে পারি না। জীবনতৃঞ্চার দিক দিয়ে আমি এখনো তরুণ, তবে আধুনিক প্রযুক্তির সামনে দাঁড়ালেই বুঝতে পারি, আমি মেয়াদোত্তীর্ণ পণ্য।”
এই প্রীতি আয়োজনের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “আনিসুজ্জামান আমার রেফারেন্স বুক। লেখালেখি বা বক্তৃতার ক্ষেত্রে শব্দ চয়নের বিষয়ে আমি তার উপদেশ নেই। এভাবে গত ৬০ বছরের বেশি সময় ধরে সে আমার এনসাইক্লোপিডিয়া হিসেবে সহায়তা করছে।”
অধ্যাপক আনিসুজ্জামানকে বাংলার মানুষের ‘বাতিঘর’ হিসেবে বর্ণনা করে মুহিত বলেন, “অন্যায়ের প্রতিবাদে আনিসুজ্জামান সবসময় দুঃসাহসী। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপন থেকে শুরু সব আন্দোলনেই আমরা তার সে পরিচয় পাই। বাংলাদেশ, সাহিত্য, ঐতিহ্য, কৃষ্টিতে তার নাম দিয়ে গর্ববোধ করতে পারি। এ জন্য আমরা তৃপ্তি বোধ করতে পারি, আনিস আমাদের প্রতিনিধি।”
আনিসুজ্জামান সম্পর্কে নিজেদের অনুভূতি জানিয়ে বক্তব্য দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংস্কৃতিক সংগঠক মফিদুল হক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা।
অশীতিবর্ষপূর্তি উদযাপন সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম। আনিসুজ্জামানের সহধর্মিণী সিদ্দিকা জামানও মঞ্চে ছিলেন।
অনুষ্ঠানে শংসাবচন পাঠ করেন সাংবাদিক জাহীদ রেজা নূর। আনিসুজ্জামানের প্রিয় গানগুলো গেয়ে শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা ও অদিতি মহসিন।
চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত আনিসুজ্জামান সম্মাননা গন্থের মোড়ক উন্মোচন করা হয় এ অনুষ্ঠানে।
অধ্যাপক আনিসুজ্জামানকে ফুলেল ভালোবাসা নিবেদন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত, রবীন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলাদেশ মহিলা পরিষদ, সময় প্রকাশন, রকমারি ডটকম, জার্নিম্যান বুকস, প্রতিভা প্রকাশ, বাঙালি প্রকাশ ও স্বননের পক্ষ থেকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
