২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির বাসায় বিদেশ যাওয়ার প্রস্তুতি   

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি চলছে তার হেয়ার রোডের বাসায়।

গোলাম মুজতবা ধ্রুব

কামাল তালুকদার, পিয়াস তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 07:31 PM

Updated : 11 Oct 2022, 02:37 PM

পুরনো খবর:

প্রধান বিচারপতি ‘না ফেরা পর্যন্ত’ দায়িত্বে ওয়াহহাব মিঞা
প্রধান বিচারপতিকে প্রচণ্ড চাপে বাধ্য করা হয়েছে: অ্যাডভোকেট জয়নুল
আশা করি, দোয়া করি, ছুটি শেষে তিনি ফিরবেন: আইনমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে তুলনা সহ্য করব না: প্রধানমন্ত্রী
আমাকে ‘মিসকোট’ করবেন না: প্রধান বিচারপতি
পদত্যাগ করুন, নইলে আন্দোলন: হুমকি প্রধান বিচারপতিকে

সুপ্রিম কোর্টর প্রটোকাল কর্মকর্তারা জানিয়েছেন, বিচারপতি সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহা শুক্রবার রাত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ায় তার মেয়ে সুচনা সিনহার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

হাই কোর্টের প্রটোকল অফিসার মোহাম্মদ আব্দুল ওয়ারেস সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি স্যারের বাসায় এসেছি। মালামাল নিয়ে বিমানবন্দরে পৌঁছে দেব।”

তার আগে প্রধান বিচারপতির প্রটোকলের ও ব্যক্তিগত গাড়ি এবং তার একান্ত সচিব মো. আনিসুর রহমানকে দুই দফায় হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসায় ঢুকতে দেখা যায়।

আর হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ ওই বাসায় যান রাত ৯টার দিকে।

ওই বাসভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আত্মীয়-স্বজনরাও দিনের বেলায় এসে বিচারপতি সিনহার সঙ্গে দেখা করে গেছেন।  

দুপুরের পর এসেছিলেন প্রধান বিচারপতির বোন ও বড় ভাইয়ের মেয়ের জামাই। তার একজন চাচাতো ভাই সাক্ষাৎ শেষে বিকালে ওই বাসা থেকে বেরিয়ে যান।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উনার প্রটোকল কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, তিনি আজ রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাচ্ছেন।”

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ডিউটি ম্যানেজার মো. জুনায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ওই ফ্লাইট নির্ধারিত সময়েই ছেড়ে যাবে। 

ঢাকা থেকে রওনা হয়ে ফ্লাইট এসকিউ ৪৪৭ স্থানীয় সময় ভোর ৬টায় সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে ৪৫ মিনিট যাত্রাবিরতি করে রওনা হবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে প্রায় সাত ঘণ্টা লাগে বলে জানান জুনায়েদ।

বিদেশ যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে বিচারপতি সিনহার দেওয়া চিঠির বরাতে আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধান বিচারপতি চারটি দেশে যেতে চান। 

“অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং ইউনাইটেড কিংডম- এই চারটি দেশে যেতে চান। আগামীকাল ১৩ অক্টোবর দেশ ত্যাগ করতে চান এবং ১০ নভেম্বর দেশে ফিরে আসবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।”

প্রধান বিচারপতির আবেদনের প্রেক্ষিতে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুর করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু বিচারপতি সিনহা যেহেতু আরও বেশি দিন বিদেশে থাকবেন, সেহেতু রাষ্ট্রপতি বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন। 

আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত ছুটিতে প্রধান বিচারপতির বিদেশে অবস্থানের সময়ে, অর্থাৎ ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত, অথবা তিনি দায়িত্বে না ফেরা পর্যন্ত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার সম্পাদন করবেন।

Image
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ছবি)

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ছবি)

অগাস্টের শুরুতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ  রায় প্রকাশের পর থেকেই ক্ষমতাসীনদের সমালোচনার মুখে রয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরাতে আনা হয়েছিল সংবিধানের ওই সংশোধনীতে। তা বাতিল করে জিয়াউর রহমানের সামরিক শাসনামলে প্রতিষ্ঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনে সুপ্রিম কোর্ট।

সাত বিচারপতির ঐকমত্যের ভিত্তিতে দেওয়া ৭৯৯ পৃষ্ঠার এই রায়ে প্রধান বিচারপতি এস কে সিনহা নিজের পর্যবেক্ষণের অংশে দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন।

ওই রায় এবং পর্যবেক্ষণ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা, এমনকি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতির সমালোচনা করেছেন। রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে ‘খাটো করা হয়েছে’ অভিযোগ তুলে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও তুলেছেন ক্ষমতাসীন দলের অনেক নেতা।

অন্যদিকে সংসদের বাইরে থাকা বিএনপির নেতারা স্বাগত জানিয়ে বলেছেন, এ রায় ‘ঐতিহাসিক’। তাদের অভিযোগ, ওই রায়ের কারণেই চাপ দিয়ে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে।

তবে ওই অভিযোগ অস্বীকার করে আইনমন্ত্রী আনিসুল হক বিচারপতি সিনহার স্বাক্ষরে রাষ্ট্রপতিকে পাঠানো ছুটির চিঠি গত ৪ অক্টোবর সাংবাদিকদের দেখান।

ওই চিঠিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত হয়ে এর আগে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং গত বেশ কিছুদিন ধরেও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ কারণে বিশ্রামের জন্য তিনি ছুটিতে যেতে চান।

২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া বিচারপতি সিনহার চাকরির মেয়াদ রয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।  সুপ্রিম কোর্টের অবকাশ শুরুর আগে গত ২৪ অগাস্ট তিনি শেষ অফিস করেন এবং অবকাশ শেষে ৩ অক্টোবর আদালত খোলার দিন থেকে তিনি ছুটিতে আছেন।