২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জাদুঘরে পুতুল সরিয়ে ‘বিতর্কিত’ কাচ গ্যালারি

জাতীয় জাদুঘরে দীর্ঘদিন ধরে থাকা ঐতিহ্যবাহী পুতুল গ্যালারি সরিয়ে সেখানে কাচ ও কাচ পণ্যের গ্যালারি করা হয়েছে।

মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 09:28 AM

Updated : 11 Oct 2022, 02:36 PM

পুরনো খবর:

জাতীয় জাদুঘরে নতুন তিন গ্যালারি

স্থায়ী গ্যালারি বন্ধ করে নতুন কিছু করা জাদুঘরের ‘ঐতিহ্যে’ না থাকলেও মহাপরিচালকের ‘একক ইচ্ছায়’ এটা করা হয়েছে বলে অভিযোগ সেখানকার দুজন কিপারের।

পুরনো এই গ্যালারি বন্ধ করে সমকালীন নিদর্শন তোলার কোনো ব্যাখ্যা নেই মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর কাছে।

এনিয়ে বিতর্ক তোলা ‘রাজনীতির অংশ’ বলে দাবি করেছেন তিনি।

পুতুল সরিয়ে ‘কাচ ও কাচ পণ্য’ গ্যালারি করার কারণ কী- জানতে চাইলে মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না।

“ইটস অ্যা ম্যাটার অব পলিটিক্স। আপনাকে ইনভাইট করে আনা হয়েছে। কে ডেকে এনেছে? এই পলিটিক্স নিয়ে আমি কথা বলব না।”

“পজিটিভ অ্যাঙ্গেলে আসেন। ইউ কেইম টু মেক কোয়ারেল। ইউ আর ট্রাইং টু ক্রিয়েট অ্যা ডিবেট। কাম উইথ কনস্ট্রাকটিভ ইস্যুজ,” বলেন তিনি।

Image
সেই পুতুল গ্যালারি। ছবি জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে

সেই পুতুল গ্যালারি। ছবি জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে

জাতীয় জাদুঘরের তৃতীয় তলার ২৭ নম্বর গ্যালারি ছিল পুতুল গ্যালারি। যেখানে মাটির, কাগজের, কাঠের ও সিমেন্টের তৈরি অনেক পুতুল ছিল বলে জানিয়েছেন জাদুঘরের একজন কিপার।

পুরোনো এই গ্যালারির পুতুলের বদলে ‘কাচ ও কাচ পণ্য’ গ্যালারি উদ্বোধন করা হয় চলতি বছরের ২৩ মে। বিকার, বোতল, মেজারিং সিলিন্ডার, ম্যাগনিফায়িং গ্লাস, সিসমোগ্রাফ ও অনুবীক্ষণ যন্ত্রের পাশাপাশি এখন সেখানে ঠাঁই পেয়েছে গৃহসজ্জার নানা উপকরণের পাশাপাশি সুরাপাত্র, আতরদান, কালির দোয়াত, হ্যালোজেন লাইট, ছাইদান ও পানপাত্র।

জাদুঘরের একজন কিপার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থায়ী গ্যালারি বাদ দিয়ে সেখানে নতুন গ্যালারি করা হয় না। গ্যালারি করতে হলে নতুনভাবে করা যেত। কিন্তু সেটা না করে মহাপরিচালকের একক ইচ্ছাতে এটা হয়েছে।”

পুতুলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পুতুল এই ব-দ্বীপের নদী-মাটি ঘেরা অঞ্চলে সমৃদ্ধ একটি উপাদান। আমাদের সিন্ধু সভ্যতায় এবং সর্বশেষ উয়ারী বটেশ্বরে খননকাজেও পুতুলের অস্তিত্ব পাওয়া যায়।”

Image
ছবি জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে

ছবি জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে

Image
ছবি জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে

ছবি জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে

ওই কিপার জানান, বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর দান করা পুতুলের একটি বড় সংগ্রহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন বয়স ফুটিয়ে তৈরি চারটি পুতুল, প্রখ্যাত মৃৎশিল্পী মরণচাঁদ পালের ‘সাইকেল আরোহী’সহ বেশি কিছু পুতুল, পশ্চিমবঙ্গের ঘূর্ণিগ্রামের ঐতিহ্যবাহী মাটির পুতুলসহ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের পুতুল জাতীয় জাদুঘরের ওই গ্যালারিতে ছিল।

শাহবাগে জাতীয় জাদুঘরের শুরুর সময় থেকে পুতুল গ্যালারি ছিল জানিয়ে আরেকজন কিপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুদেরকে বেশি আকৃষ্ট করত এসব পুতুল। আর বড়রা সেখান থেকে পেত ঐতিহাসিক নানা বিবর্তনের উপাদান।”

গুরুত্বপূর্ণ পুতুলকে বাদ দিয়ে এখনকার কাচ পণ্যের গ্যালারি স্থাপনের কোনো কারণ খুঁজে পাচ্ছে না এই কিপার।

পুরনো ঐতিহ্যবাহী পুতুলের গ্যালারি বন্ধ হলেও দুটি গ্যালারিতে এখনও পুতুলের প্রদর্শনী জাতীয় জাদুঘরে রয়েছে।

Image
জাতীয় জাদুঘরের ফ্লোর প্ল্যান

জাতীয় জাদুঘরের ফ্লোর প্ল্যান

এর মধ্যে চতুর্থ তলায় বিশ্বসভ্যতা বিভাগের ৪১ নম্বর কক্ষে সুইডিশ নারী গুনিলা গারপিঙ্গারের সংগ্রহের ৩৬টি দেশের ১১৯টি পুতুল এবং ২৩ নম্বর গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহের অনেকগুলো পুতুল রয়েছে।

জাদুঘরের অস্ত্রশস্ত্র গ্যালারিও এখন বন্ধ বলে একজন উপ-কিপার জানান। এদিকে আরেকটি প্রদর্শনীতে টুপি রেখে সেখানে বড় আকারে চিহ্নিত করে রাখা হয়েছে জিন্নাহ টুপি। কিন্তু মওলানা ভাসানীর টুপিকে সেভাবে চিহ্নিত করা হয়নি।

স্থায়ী গ্যালারির বদলে নতুন গ্যালারি করা যায় কি না- এ প্রশ্নে ফয়জুল লতিফ বলেন, “এটা জাদুঘরের সিদ্ধান্ত। বিশ্বব্যাপী জাদুঘরের নিয়মই হচ্ছে, অল মিউজিয়ামস রোটেট আইটেমস।

“আমি আগেই বলেছি। আমি কোনো পলিটিক্সের মধ্যে নাই।”