একদিন পেছাল মেডিকেল ভর্তির নম্বর কাটা নিয়ে আপিলের শুনানি
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপিল বিভাগের শুনানি পিছিয়েছে।
মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি আসার পর এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
তবে নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশের ওপর শুনানি পিছিয়ে বুধবার নতুন দিন ঠিক করে দেয় আপিল বেঞ্চ।
পরে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে বিষয়টি কার্যতালিকায় ছিল। কিন্তু শুনানির জন্য আদালত আগামীকাল নির্ধারণ করেন।”
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) দ্বিতীয়বার ভর্তির আবেদনকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে মেধা তালিকা তৈরির ঘোষণা দেওয়া পর একে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে একটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
তার আবেদনে সাড়া দিয়ে একটি হাই কোর্ট বেঞ্চ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিতের আদেশ দিলে চেম্বার আদালতে যায় বিএমডিসি। চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
মঙ্গলবার বিষয়টি কার্যতালিকায় আসার পর শুনানি পিছিয়ে বুধবার গেল।
আগামী ৬ অক্টোবরের মেডিকেলের ও ১০ নভেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
