ফারুকী হত্যা: তিন বছরেও হয়নি তদন্ত প্রতিবেদন
টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের তিন বছরেও হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী; আদালতে জমা পড়েনি মামলার তদন্ত প্রতিবেদনও।
তিন বছর আগের এ মামলার তদন্তভার প্রথমে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে থাকলেও পরে তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আর চারজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সর্বশেষ মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন সিআইডি পরিদর্শক (অর্গানাইজড ক্রাইম, হোমিসাইডাল স্কোয়াড, সিআইডি) আরশেদ আলী মণ্ডল ।
দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় পিছিয়ে যাওয়া এ মামলায় সর্বশেষ গত মঙ্গলবার প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও জমা দিতে পারেননি এখনকার তদন্ত কর্মকর্তা।
ঢাকার ১৮ নম্বর মহানগর হাকিম মাজহারুল ইসলাম আগামী ৫ নভেম্বর প্রতিবেদন জমার নতুন দিন রেখেছেন।
২০১৪ সালের ২৭ অগাস্ট পূর্ব রাজাবাজারের ভাড়াবাড়ির দোতলায় মাওলানা ফারুকীকে গলা কেটে হত্যা করে একদল দুর্বৃত্ত।
বাসায় ঢুকে হত্যাকাণ্ডের পর টাকা ও স্বর্ণালঙ্কার লুট হওয়ায় প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতদের কাজ মনে হলেও ধর্মীয় উগ্রবাদীরা ইসলামী ফ্রন্টের নেতা ফারুকীকে হত্যা করেছে বলে সন্দেহের কথা জানায় পরিবার ও তার অনুসারীরা।
ফারুকী হত্যা ও ডাকাতির ঘটনায় ৩৯৬ ধারায় মামলা করেন নিহতের ছোট ছেলে ফয়সাল ফারুকী।
মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের পেছনে কারা- বা কী কারণে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা ফারুকীকে হত্যা করা হয় সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা আরশেদ আলী মণ্ডল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই তিনটি মোটিভ আমি অনুসন্ধান করে পারিবারিক কোনো কোন্দলের ঘটনা পাইনি। হত্যার পেছনে জেএমবি যদি না হয়, হত্যার পেছনে আহলে সুন্নাত এবং আহলে হাদিসের দ্বন্দ থাকতেও পারে বলে মনে হচ্ছে। হজের টাকার বিষয়টিও তদন্ত করেছি।”
সুন্নী মতবাদে বিশ্বাসী নুরুল ইসলাম ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘শান্তির পথে’ ও ‘কাফেলা’ নামে দুটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। একটি হজ এজেন্সিও ছিল তার।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সভাপতিমণ্ডলীর এই সদস্য মৃত্যুর আগ পর্যন্ত হাই কোর্ট মাজার মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তাকে হত্যার মামলায় সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব নামে একজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার রিয়াজকে জেএমবি সদস্য দাবি করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতও চাওয়া হয়েছে।
রিয়াজকে গ্রেপ্তার দেখানোর আবেদনে রাজধানীর গোপীবাগের পীরসহ ছয়জনকে হত্যা, ভিন্ন মতাবলম্বী ও পিডব্লিউডির সাবেক কর্মকর্তা খিজির খান ও নূরুল ইসলাম ফারুকী হত্যা একই সূত্রে গাঁথা মন্তব্য করে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, জেএমবির এই সদস্যের গ্রুপটিই নূরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে বলে জোর সন্দেহ করা যাচ্ছে।
তবে তদন্ত প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ প্রতিবেদন জমা দিতে পারবেন এ ব্যাপারে কিছু জানাতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা।
