২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রোহিঙ্গাদের উপর দমন-পীড়নের প্রতিবাদে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা পেয়েছে হেফাজতে ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 11:57 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

পূর্বঘোষিত কর্মসূচি পালনে সোমবার দুপুরে ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে মিছিল নিয়ে যাত্রা শুরু করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটি।

পল্টন মোড় হয়ে মিছিলটি কাকরাইলের নাইটেঙ্গেলের মোড় হয়ে শান্তিনগর এলে পুলিশের বাধার মুখে পড়ে। তখন ঢাকা মহানগর হেফাজত ইসলামের সভাপতি নূর হোসেন কাসেমীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে মিয়ানমার দূতাবাসে গিয়ে তাদের স্মারকলিপি দিয়ে আসেন।

ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনদুর্ভোগের কথা চিন্তা করে মিছিলটি আর যেতে দেওয়া হয়নি।”

মিছিলের সময় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে ‘কোনো ঝামেলা’ হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা মারুফ।

হেফাজত নেতা মুফতি ইমরানুল বারী সিরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে আমরা লং মার্চের মতো কর্মসূচি দেব।”