আলোকচিত্রে পার্বত্যের গল্প
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ১২টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দিনযাপনের গল্প নিয়ে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে আলোকচিত্রী এম এ তাহেরেরএকক আলোকচিত্র প্রদর্শনী।
সোমবার বিকালে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
এসময় তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী প্রকৃতপক্ষে পশ্চাৎপদ নয়, বরং তাদের জীবন অত্যন্ত সুন্দর ও বৈচিত্র্যপূর্ণ। তারা একটি সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য লালন ও ধারন করে আছে।”
এ প্রদর্শনীর মাধ্যমে পাহাড়িদের সঙ্গে সমতলের মানুষের যোগাযোগ বাড়বে এবং আম্তঃসম্পর্ক বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
প্রদর্শনীতে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর (চাক, মুরং, পাংখোয়া, খুমি, খেয়াং, বোম, লুসাই, উসাঁই, ত্রিপুরা, চাকমা, মারমা, তংচঙ্গ্যা) দৈনন্দিন জীবন, কর্ম ও প্রকৃতির প্রায় ৮০টি আলোকচিত্র স্থান পেয়েছে।
প্রদর্শনীটি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
