ফরহাদ মজহারের স্ত্রীর মামলার প্রতিবেদন পেছাল
ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ এনে তার স্ত্রীর দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে গেছে।
প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন রোববার তদন্ত কর্মকর্তা তা দিতে না পারায় ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম ১০ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত ৩ জুলাই সকালে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর যশোরে এক বাস থেকে নাটকীয়ভাবে ফরহাদ মজহারকে উদ্ধার করে র্যা ব-পুলিশ।
ডানপন্থি অধিকার কর্মী হিসেবে পরিচিত এই কবি-প্রাবন্ধিকের স্ত্রী ফরিদা আক্তার ওই রাতেই আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
উদ্ধারের পরদিন ৪ জুলাই সকালে ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার আদালতে নেওয়া হয় ফরহাদ মজহারকে।
সেখানে জবানবন্দিতে তিনি দাবি করেন, তাকে অপহরণ করে খুলনায় নেওয়া হয়েছিল। অপহরণকারীরা তার কাছ থেকে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
তবে ঘটনার তদন্তে নেমে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফরহাদ মজহার অপহৃত হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। বরং তিনি স্বেচ্ছায় খুলনা গিয়েছিলেন বলে তদন্তকারীদের মনে হয়েছে।
ফরহাদ মজহারের সাময়িক অন্তর্ধান নিয়ে দেশে তুমুল আলোচনার মধ্যে গত ১০ জুলাই ঢাকার আদালতে অর্চনা রানি নামে এক নারীকে নিয়ে আসে পুলিশ।
নিজেকে ফরহাদ মজহারের শিষ্যা দাবি করে এই নারী জবানবন্দিতে বলেন, সেদিন ফরহাদ মজহার তার জন্য অর্থ জোগাড় করতেই বাসা বেরিয়েছিলেন এবং ১৫ হাজার টাকাও পাঠিয়েছিলেন।
ফরহাদ মজহার অপহরণের বিষয়ে মিথ্যা বলে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবার কথা জানায় পুলিশ।
