২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি হলেও সচল থাকবে রাস্তা: কাদের

টানা বর্ষণ আর বন্যার কারণে ঈদযাত্রায় সড়কপথে দুর্ভোগের আশঙ্কা তৈরি হলেও এখন তা কেটে গেছে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 01:31 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

বুধবার সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে এসে তিনি বলেন, “এখন বাংলাদেশের সব সড়ক-মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে। সড়কের জন্য কোথাও যানজট হবে না এ ব্যাপারে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই।

“যদি এর মধ্যে বৃষ্টিও হয় সড়ক সচল থাকবে, সেই ব্যবস্থা আমরা করে রেখেছি।”

বন্যাদুর্গত এলাকায় কিছু সমস্যা তৈরি হলেও সেটা ‘দিনরাত পরিশ্রম করে’ ঠিকঠাক করা হয়েছে বলে জানান কাদের।

“একটা ভয় এবং আতঙ্ক শুরুতে ছিল, যখন টানা বর্ষণ, বন্যা এসবের কারণে। অনেকে ভেবেছিল, এবার যাত্রা সুখকর হবে না। সেটার কারণে যাবে, না যাবে না- এই রকম একটা দ্বিধাদ্বন্দ্ব অনেকের ছিল। আগামী তিনদিনে অনেক রাশ থাকবে। সে কারণে গাড়িতে হয়তো ধীরগতি থাকবে, প্রলম্বিত যানজট হওয়ার শঙ্কা নেই।”

বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন কাউন্টার এবং যাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

অতিরিক্ত ট্রিপের জন্য ওভারস্পিডের গাড়ি ও ফিটনেসবিহীন গাড়ি যানজট তৈরি করে মন্তব্য করে মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় না চলতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে।

প্রতি ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিয়ে ঘুরমুখো মানুষকে যানজটের ভোগান্তি পোহাতে দেখা যায়। চন্দ্রার মোড়ের যানজটকে ওই পথের বড় দুর্ভোগ বলে থাকেন অনেকে।

তবে এবার গাড়ির চাপ তিনগুণ বাড়লেও চন্দ্রার মোড় পাঁচটা ফুটবল খেলার মাঠের মতো থাকবে বলে মন্তব্য মন্ত্রী কাদেরের।

অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “আমার সামনে কোনো অভিযোগ নাই। পিছনে কোনো অভিযোগ আছে কি-না, আপনারা যদি সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেন, তাহলে এখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমাদের বিআরটিএ’রও ভিজিলেন্স টিম আছে- তারা দ্রুত ব্যবস্থা নেবে। অতিরিক্ত ভাড়া যারাই নেবে, তাদের কাউন্টার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে।”

এক্ষেত্রে মঙ্গলবার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে একটি কাউন্টার বন্ধ করা এবং একটি বাসকে ২০ হাজার টাকা জরিমানা করার প্রসঙ্গ টানেন কাদের।

“টার্মিনালে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়াটাইতো মেইন বিষয়। আমি এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় কাদেরের সঙ্গে বাস-ট্রাক ওনার্স অ্যাসেসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ও গাবতলীর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন।