২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান হামলায় দোষ স্বীকার করে রাশেদের জবানবন্দি

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ আসলাম হোসাইন ওরফে রাশেদুল ইসলাম রাশেদ ওরফে র‌্যাশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2017, 12:36 AM

Updated : 19 Aug 2022, 05:16 PM

রাশেদ (২৪) ওই হামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির জানিয়েছেন।

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত রাশেদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড চলাকালে রাশেদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাকে আদালতে হাজির করা হয় বলে তদন্ত কর্মকর্তা জানান।

এ নিয়ে নজিরবিহীন এই হামলায় দোষ স্বীকার করে পাঁচজন আদালতে জবানবন্দি দিলেন বলে পরির্দশক হুমায়ুন ও আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া   জানান।

গত বছর ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন, যাদের ১৭ জন বিদেশি নাগরিক।

ওই হামলায় পুলিশের সন্দেহভাজনদের তালিকায় থাকা রাশেদকে গত ২৮ জুলাই ভোরে নাটোরের সিংড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৯ জুলাই ছয় দিন এবং ৫ অগাস্ট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পুরনো খবর:

রাশেদ জঙ্গি হচ্ছে, আঁচ পেয়েছিল স্বজনরা