বিচারক বদলে খালেদার আবেদনে আদেশ ১৭ অগাস্ট
ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কার কথা জানিয়ে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় চতুর্থবারের মতো বিচারক বদলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাই কোর্ট বেঞ্চ শুনানি শেষ করে আগামী ১৭ অগাস্ট আদেশ দেওয়ার দিন ঠিক করেছে।
আবেদনের পক্ষে শুনানি করেন খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নাল আবেদীন। মামলাকারী দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
খুররশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় এর আগে খালেদা জিয়া তিনবার বিচারক বদলের আবেদন করেছিলেন।
গত রোববার হাই কোর্টে আাবেদনটি করেন খালেদার আইনজীবী জাকির হোসেন ভূইয়া। টানা চারদিন শুনানি হয়।
সেদিন খালেদা জিয়ার আইনজীবী দলের সদস্য মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আদালত পরিবর্তনের আবেদন করা হয়েছে।”
জরুরি অবস্থার সময়ে দুদকের দায়ের করা এ মামলা বর্তমানে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন।
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার মতো এ মামলারও শুনানি চলছে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত বিশেষ এজলাসে।
খালেদা জিয়ার আবেদনে এর আগেও তিনবার এ মামলার বিচারক বদলে দিয়েছিল হাই কোর্ট। জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, যাকে বিচার বিলম্বিত করার চেষ্টা হিসেবে দেখছে দুদক।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
কিন্তু পরে খালেদার আবেদনে হাই কোর্টের আদেশে এ মামলা বিচারের দায়িত্ব দেওয়া হয় আবু আহমেদ জমাদারকে।
আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান আছেন দেশের বাইরে।
সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
