২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ধস: সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১০ অক্টোবর

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা ইমারত নির্মাণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 05:59 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

তিন আসামির করা রিভিশন আবেদন এবং একজনের মামলা খারিজ চেয়ে করা আবেদনের বিষয়ে আদালতের আদেশ মঙ্গলবার জমা না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন ঢাকা জ্যেষ্ঠ বিচারকি হাকিম আফসানা আবেদীন।

বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন ।

এ মামলায় অভিযোগ গঠনেরআদেশের বিরুদ্ধে তিন আসামি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতেরিভিশন আবেদন করেছেন, যার মধ্যে দুইজনের আবেদনজেলা ও দায়রা জজ এম কুদ্দুস জামান খারিজ করে দিয়েছেন। একটি শুনানির অপেক্ষায় রয়েছে।

আর আসামি মাহমুদুর রহমান তাপসহাইকোর্টে মামলাটি খারিজ চেয়ে আবেদন করেছেন ।

এসব কারণে মামলার বিচারশুরু করা যাচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল।

এ মামলায় গত বছর ১৪ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

মামলার আসামিরা হলেন- ভবন মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র রেফাতউল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, নিউওয়েব বাটন লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান, সাইট ইঞ্জিনিয়ার মো. সারোয়ার কামাল, আমিনুল ইসলাম, নিউওয়েব স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান তাপস, ইথার টেক্সটাইলের চেয়ারম্যান আনিসুর রহমান, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, প্রকৌশলী রফিকুল ইসলাম, গার্মেন্ট ব্যবসায়ী মাহবুবুল আলম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, নান্টু কন্ট্রাকটার এবং রেজাউল ইসলাম।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও হাজারখানেক শ্রমিক যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।

এরপর ভবন ধসে প্রাণহানির ঘটনায় হত্যার অভিযোগে একটি, ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে একটি এবং দুদকের পক্ষ থেকে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করা হয়।

এর মধ্যে ইমারত বিধির মামলাটি দায়ের করেন রাজউক কর্মকর্তা হেলাল উদ্দিন। রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় করা এ মামলার তদন্তে ভবনের নকশায় ত্রুটি, অনুমোদন না নিয়ে উপরের দিকে সম্প্রসারণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের তথ্য উঠে আসে।

১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় দেওয়া এ মামলার অভিযোগপত্রে মোট ১৮ জনকে আসামি করেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে মোট ১৩০ জনকে।

পুরনো খবর:

রানা প্লাজা ধস: প্রথম মামলার বিচার শুরু