২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানা দুর্নীতি: খালেদার জামিন বাতিল বিষয়ে আদেশ ১৭ অগাস্ট

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনের জামিন বাতিল হবে কি না সেই আদেশের তারিখ পিছিয়ে আগামী ১৭ অগাস্ট রাখা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 05:22 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

সোমবার মামলাটিতে খালেদা জিয়াসহ তিনজনের জামিন বাতিলের আদেশের জন্য দিন ছিল।

কিন্তু মামলাটিতে আদালত পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। আর খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন।

শুনানি নিয়ে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ১৭ অগাস্ট ধার্য করেন।

মামলার বিচার কার্যক্রম চলার সময়ে লন্ডনে অবস্থান করায় গত বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন বাতিলের আবেদন করে দুদক।

আবেদনে খালেদা জিয়া ছাড়াও মামলার দুই আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের জামিনও বাতিল চাওয়া হয়।

ওইদিন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো. আখতারুজ্জামান ৭ অগাস্ট আদেশের দিন রেখেছিলেন।

এদিকে  সোমবার মামলাটিতে ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদ নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী দিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন তিনি। 

একই আদালতে বিচারাধীন জিয়া দাতব্য ট্রাস্ট মামলাটিতে সোমবার সাক্ষীদের জেরার জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন।

একই সঙ্গে তারা জেরা পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত এ মামলাটিতেও সময় মঞ্জুর করে পরবর্তী জেরার তারিখ ১৭ অগাস্ট ধার্য করেছে।

এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, নুরুজ্জামান তপন প্রমুখ আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

এতিমখানা দুর্নীতি মামলায়ও খালেদার জামিন বাতিলের আবেদন