২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে হাতাহাতি: তদন্ত কমিটি নিয়ে আপত্তি আন্দোলনকারীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর গেইটে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা তদন্তে গঠিত কমিটিতে নিজেদের প্রতিনিধি না থাকায় এর ‘নিরপেক্ষতা’ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

সোমবার দুপুরে মধুর ক্যান্টিনে ‘ডাকসুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনসহ চারদফা দাবি জানানো হয়।

অন্য দাবিগুলো হচ্ছে- অবিলম্বে ডাকসু নির্বাচন, হামলায় নেতৃত্ব দেওয়া সহকারী প্রক্টর রবিউল ইসলামের পদত্যাগ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্দোলনের সমন্বয়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে মাসুদ আল মাহাদী বলেন, “বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের দোষীসাব্যস্ত করছেন, তাই স্পষ্টতই বোঝা যাচ্ছে, এটি একটি প্রহসনের তদন্ত হবে। ফলে এই তদন্ত কমিটি থেকে নিরপেক্ষ প্রতিবেদন আশা করা বাতুলতা।

“কেবলমাত্র শিক্ষক প্রতিনিধি নিয়ে গঠিত এ কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কারসহ নানা শাস্তির খড়গ নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছি।”

ছাত্র প্রতিনিধিদের বাদ রেখে উপাচার্য প্যানেল নির্বাচনের লক্ষ্যে শনিবার বিকালে সিনেট অধিবেশন বসার প্রতিবাদে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সিনেট সভার কারণে বন্ধ করে রাখা রেজিস্ট্রার ভবনের ফটক খুলে বিক্ষোভকারীরা সভাস্থলের দিকে এগোলে শিক্ষকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, যাতে দুই শিক্ষকসহ আটজন আহত হন।

এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ফজলুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটির করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটিতে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আফতাব আলী শেখ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান আছেন।

ওইদিনের ঘটনা প্রসঙ্গে মাসুদ আল মাহাদী বলেন, “আন্দোলনকারীরা প্রথমে গেটের বাইরে অবস্থান নিলে আগে থেকেই গেটের ভেতরে অবস্থান নেওয়া শিক্ষকরা আন্দোলনকে পাগলামি আখ্যায়িত করে চলে যাওয়ার জন্য হুমকি দেন।

“কিন্তু আমাদের ইচ্ছা ছিল, অধিবেশন চলাকালীন সিনেটের সামনে দাঁড়িয়ে মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ মানববন্ধন করা। তবে তারা কোনোভাবেই আমাদের কথায় কর্ণপাত না করায় আমরা গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি। তখন সহকারী প্রক্টর রবিউল ইসলামের নেতৃত্বে মাহমুদুর রহমান বাহলুল, মিনা মাহবুব, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক রাকিবুল হাসানসহ উপস্থিত অন্য শিক্ষকরা আমাদের ওপর হামলা করেন।”

শিক্ষকদের হামলার প্রতিবাদে এবং ডাকসু নির্বাচনের দাবিতে আগামী ২ অগাস্ট অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ এবং ১০ অগাস্ট মধুর ক্যান্টিনে উন্মুক্ত আলোচনা কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

পুরনো খবর:

ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতির ঘটনা তদন্তে কমিটি
ঢাবি সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি