২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতির প্রতিবেদন জাতিসংঘে

টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে (এইচএলপিএফ) বাংলাদেশের জাতীয় প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 12:58 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

‘পরিবর্তিত বিশ্বে দারিদ্র্য নির্মূল ও উন্নয়নে অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে শুরু ফোরামের আটদিনব্যাপী বৈঠকের অংশ হিসেবে সোমবার শুরু তিনদিনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

গত ১০ জুলাই নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু ফোরামের আটদিনব্যাপী বৈঠক ১৯ জুলাই শেষ হবে।

এর মধ্যে সোমবার শুরু মন্ত্রী পর্যায়ের বৈঠকে ৪৪টি দেশ এসডিজি বাস্তবায়নে অগ্রগতি বিষয়ে তাদের জাতীয় প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে।

উদ্বোধনী দিনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠকে যোগ দেয়।

এদিন অন্যতম প্যানেল আলোচক হিসেবে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের উপস্থিতিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এসডিজি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বাংলাদেশের জাতীয় প্রতিবেদন উপস্থাপন করেন।

তিনি মাল্টিমিডিয়া উপস্থাপনায় এসডিজির বিভিন্ন অভীষ্ট লক্ষ্যের মধ্যে দারিদ্র্য নির্মূল, ক্ষুধা, সুস্বাস্থ্য ও কল্যাণ, লিঙ্গ সমতা, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, জলজ জীবন এবং বৈশ্বিক অংশীদারিত্ব- এই সাতটি লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের অর্জন তুলে ধরেন।

উপস্থাপনায় এসডিজি বাস্তবায়নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে জানিয়ে এর বাস্তবায়নে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

এর মধ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজিকে সন্নিবেশিত করা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে এসডিজিকে অন্তর্ভুক্ত করা, এসডিজি ট্র্যাকার সৃষ্টি, আন্তঃমন্ত্রণালয় এসডিজি বাস্তবায়ন ও মনিটরিং কমিটি গঠন, মন্ত্রণালয়ের ম্যাপিং এবং ডেটাগ্যাপ এনালাইসিস এর মতো বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

বাংলাদেশের উন্নয়নের পরিমাপক হিসেবে বিভিন্ন আর্থ-সামাজিক প্রবৃদ্ধির তথ্য প্রদর্শন করা হয়।

এতে দেখানো হয়, বাংলাদেশে উচ্চ ও নিম্ন দারিদ্র্য রেখা যথাক্রমে ২৪ দশমিক শূন্য ৩ ও ১২ দশমিক শূন্য ৯ শতাংশে নেমে এসেছে, যা ১৯৯১ সালে ছিল যথাক্রমে ৫৬ দশমিক শূন্য ৭ এবং ৪১ দশমিক শূন্য ১ শতাংশ।

প্রধানমন্ত্রীর প্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’র পাশাপাশি উঠে আসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ, ডিজিটাল ফাইনানসিয়াল সার্ভিস এবং জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি। পদ্মা সেতুসহ মেগা অবকাঠামো প্রকল্পসমূহও এ প্রতিবেদনে স্থান পায়।

এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ কোন অবস্থানে রয়েছে, চ্যালেঞ্জসমূহ কী এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন কৌশলের পাশাপাশি বৈশ্বিক অংশীদারিত্বের উপর জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে।    

Image
গত দুই বছরে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতির তথ্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গত দুই বছরে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতির তথ্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এইচএলপিএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠক উদ্বোধন করেন, যাতে সভাপতিত্ব করেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের প্রেসিডেন্ট ফ্রেডলিক মুসিওয়া মাকামুরে সাভা।

উদ্বোধনী বক্তৃতায় মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেন, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করতে হলে জলবায়ু পরিবর্তন রোধ এবং শান্তি প্রতিষ্ঠার ইস্যুকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সামাজিক শান্তি এবং মানুষের জীবনমানের উন্নয়নেও সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।

গত দুই বছরে এসডিজির অনেক বিষয়ে অগ্রগতি সন্তোষজনক হলেও বেশ কিছু বিষয়ে হতাশা ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।

উদ্বোধনীতে অন্যদের মধ্যে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন বক্তব্য রাখেন। পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলটিও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়।

এছাড়া দিনের শুরুতে বাংলাদেশ, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ আয়োজনে ‘ব্যক্তিখাতে এসডিজি অর্জন: ২০৩০ সালের মধ্যে ব্যক্তিখাতের লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রণোদনা’ শিরোনামের সাইড ইভেন্টে অংশ নেন পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।

এতে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে ‘কেউ পেছনে পড়ে থাকবে না’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, “এসডিজির লক্ষসমূহের পূর্ণ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উভয় খাতের নিবিড় সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন।

“এসডিজি অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণ ত্বরান্বিত করতে আমরা তিনটি বিষয়ের উপর জোর দিয়েছি। তা হল- ব্যবসা খাতকে উৎসাহিত করতে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি, ট্যাক্স ও ভর্তুকি নীতিমালার মাধ্যমে বেসরকারি খাতকে প্রণোদনা দেওয়া এবং বহুজাতিক কোম্পানির সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র সম্প্রসারণ।”

বাংলাদেশের মোট বিনিয়োগের প্রায় ৭৭ শতাংশ বেসরকারি খাত থেকে আসে জানিয়ে মন্ত্রী মুস্তফা কামাল বলেন, “বিদ্যুৎ সেক্টরে এ খাতের অংশগ্রহণ ৪৫ শতাংশ। আমাদের সরকার বেসরকারি খাতের পূর্ণ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়া পরিকল্পনা মন্ত্রী ‌‘ফাস্ট ট্র্যাকিং পোভার্টি ইরাডিকেশন অ্যান্ড এসডিজিস থ্রু দ্যা ডেটা রেভ্যুলেশন’ শিরোনামে আরেকটি সাইড ইভেন্টেও অংশ নেন।

বাংলাদেশ আয়োজিত এই প্যানেল আলোচনা সঞ্চালনা করেন এসডিজি বাস্তবায়নের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। এতে প্যানেল আলোচক হিসেবে এস্তোনিয়ার পরিবেশ বিষয়ক উপমন্ত্রী আডো লোহ্মুজ, নেপালের পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান এবং জাতিসংঘ ও ইউএনডিপির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক একটি উপস্থাপনা ছিল, যাতে বাংলাদেশে তথ্যের সহজলভ্যতা এসডিজি বাস্তবায়ন ও দারিদ্র্য দূরীকরণে কিভাবে সহায়ক ভূমিকা পালন করছে তা তুলে ধরা হয়।

এইচএলপিএফ এর দিনব্যাপী কর্মসূচিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনোমিকস ডিভিশনের সদস্য শামসুল আলম ও পিকেএসএফ-এর মহাপরিচালক আব্দুল করিম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর মহাপরিচালক আব্দুল হালিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরীও ছিলেন।