২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপটিক ট্যাংকে বাল্ব বিস্ফোরিত, ৩ শ্রমিক দগ্ধ

ঢাকার মধ্য বাড্ডায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক বাতি বিস্ফোরিত হয়ে তিনি শ্রমিক দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 03:58 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান।

তিনি বলেন, মধ্য বাড্ডার মনির হোসেন নামের এক ব্যক্তির চারতলা বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন তিন শ্রমিক।

“ভেতরে অন্ধকার থাকায় বৈদ্যুতিক বাতি নেওয়া হয়। কিন্তু ট্যাংকের ভেতরে বাতি ঢোকানোর সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।”

পরে তিন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এই তিনজন হলেন- সোহরাব (৫০), আনন্দ (৪০) ও সুলতান (৩০)। তাদের মধ্যে সুলতানের অবস্থা গুরুতর বলে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানিয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আগুনের খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে তার আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে আগুন নিভিয়ে ফেলা হয়।