২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদ মজহার এখন ‘কিছুটা ভালো’

১৮ ঘণ্টা অন্তর্ধানে থাকার পর নাটকীয়ভাবে উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ফরহাদ মজহার এখন ‘কিছুটা ভালো’ আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ফরিদা আখতার।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 08:26 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

সোমবার মধ্যরাতে যশোর থেকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারের পর ঢাকায় এনে আদালতে নিয়েছিল ফরহাদ মজহারকে।

তিনি নিখোঁজ হওয়ার পর ফরিদা একটি অপহরণ মামলা করেছিলেন থানায়। ওই মামলায় আদালত জবানবন্দি নেওয়ার পর তাকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছিল।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে ৭০ বছর বয়সী ফরহাদ মজহারকে ভর্তি করেন তার স্বজনরা। একটি কেবিনে রয়েছেন তিনি। 

বুধবার বিকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, অন্য কেবিনগুলোর দরজায় রোগীর নাম লেখা থাকলেও ফরহাদ মজহারেরটিতে তা নেই।

কেবিনটি ভেতর থেকে বন্ধ ছিল, কড়া নাড়লে এক যুবক দরজা সামান্য খুলে পরিচয় জানতে চান।

দরজার ফাঁক দিয়ে দেখা যায়, কেবিনের ডান কোণে একটা ছোট টেবিলে লাল রঙের একটি ল্যাপটপ আধাখোলা। পাশে শুয়ে মোবাইল ফোনে কথা বলছেন ফরহাদ মজহার।

ফরিদা আখতার আছেন কি না- জানতে চাইলে ওই যুবক নাম জানতে চেয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর আবার দরজা খুলে বলেন, “উনি আছেন, একটু অপেক্ষা করেন।”

পাঁচ মিনিট পর ফরিদা আখতার বেরিয়ে এসে বলেন, “গতরাতে তার (ফরহাদ মজহার) ঘুম কম হয়েছে। শরীর আগের চেয়ে কিছুটা ভালো।”

ডানপন্থি অধিকারকর্মী হিসেবে পরিচিত কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহারকে নিয়ে এখন দেশজুড়ে আলোচনা চলছে।

ফরহাদ মজহার পুলিশকে বলেছেন, শ্যামলীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়েছিল।  

ফরহাদ মজহারকে সরকারি কোনো বাহিনীই তুলে নিয়েছিল বলে বিএনপির অভিযোগ।   

অন্যদিকে ফরহাদ মজহার অপহৃত হয়েছেন বলে কোনো ইঙ্গিত পাননি বলে দাবি করছেন পুলিশ কর্মকর্তারা। বিএনপির অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা।  

এই বিষয়ে ফরহাদ মজহারের বক্তব্য জানতে অনেক সাংবাদিকই ভিড় করছেন বারডেম হাসপাতালে। তার অনুসারীরা বলে আসছেন, তিনি সুস্থ হয়ে কথা বলবেন।

ফরহাদ মজহারকে কতদিন হাসপাতালে থাকতে হবে- জানতে চাইলে ফরিদা বলেন, “ডাক্তাররা এখনও কিছু বলেননি।”

কর্তব্যরত এক চিকিৎসক জানান, শারীরিক দুর্বলতা ও খাবারে অরুচি নিয়ে ফরহাদ মজহার ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

তিনি অধ্যাপক এ কে এম মূসার অধীনে চিকিৎসাধীন।

পুরনো খবর:

নাটকীয়ভাবে যশোরে মিলল ফরহাদ মজহারের হদিস
ফরহাদ মজহারের ‘নাটক’: পুলিশ
ফরহাদ মজহারকে অপহরণে সরকার: বিএনপি
মজহার নিখোঁজে দোষারোপ রিজভীর খিটখিটে মেজাজের প্রলাপ: হাছান
ফরহাদ মজহার কবি, নাটক করবেন কেন: রিজভী
আদালতে জবানবন্দি দেওয়ার পর ফরহাদ মজহার হাসপাতালে