ফরহাদ মজহার কবি, নাটক করবেন কেন: রিজভী
বিএনপিকে ভয় দেখাতে সরকারই ফরহাদ মজহারকে ‘অপহরণের নাটক’ সাজিয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
“ফরহাদ মজহার কবি, প্রাবন্ধিক, রাজনৈতিক ভাষ্যকার, গীতিকার। উনি কেন সাজানো নাটক করবেন? এই সম্পূর্ণ নাটকের পরিচালক-প্রযোজক সরকার-শেখ হাসিনা,” বলেছেন তিনি।
ফরহাদ মজহারকে যশোর থেকে র্যাব-পুলিশ নাটকীয়ভাবে উদ্ধারের পর মঙ্গলবার দলের এক সভায় একথা বলেন বিএনপি নেতা।
সোমবার সকালে ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পর রিজভী বলেছিলেন, তাকে সরকারি কোনো সংস্থাই অপহরণ করেছে।
তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেন, “এ বক্তব্য আসলে রিজভীর খিটখিটে মেজাজের উদভ্রান্তের প্রলাপ ও বালখিল্যের প্রলাপ ছাড়া কিছু না।”
ফরহাদ মজহারকে যশোরে বাস থেকে উদ্ধারের পর র্যাব ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, ফরহাদ মজহারকে অপহরণ করার কোনো ইঙ্গিত তারা পাননি।
ডানপন্থি অধিকারকর্মী হিসেবে পরিচিত কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহারকে বিএনপি সমর্থক পেশাজীবী নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।
ফরহাদ মজহার ফিরে আসায় ‘শুকরিয়া’ আদায় করে রিজভী বলেন, “ফরহাদ মজহারকে তারা হজম করতে পারেনি।
“কবি ফরহাদ মজহারকে কি একজন ছিঁচকে সন্ত্রাসী অপহরণ করতে পারে? এটা পাগলেও বুঝে যে রাষ্ট্র এই অপহরণের সাথে জড়িত?”
সরকারের বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যায় তিনি বলেন, “এটা কিছুই না, যারা প্রতিবাদী কণ্ঠস্বর, শানিত লেখনী যাদের, তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার মেসেজ। বিরোধী দলকে ভয় পাইয়ে দেওয়ার মেসেজ- খবরদার তোমরা যদি আর কেউ কথা বলে তোমাদের পরিণতি ফরহাদ মজহারের মতো হবে।”
ফরহাদ মজহারকে গুম করলে তার প্রতিক্রিয়া কী হতে পারে, তা দেখাও সরকারের উদ্দেশ্য ছিল বলেও মনে করেন রিজভী।
“ঘটনার ১৬ ঘণ্টা আগে ভারতের মুসলিম নিধন নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে প্রেস ব্রিফিং করা হয়েছিল, সেখানে আরেকজন সাহসী মানুষ আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে ফরহাদ মজহার বসেছিলেন।
“সরকার মনে করেছে, মাহমুদুর রহমানকে বুদ্ধি-পরামর্শ ফরহাদ মজহার দিচ্ছেন। অথবা মাহমুদুর রহমান চার বছর জেল খেটে এসেছেন, এখন গুম করলে কেমন হয়। ফরহাদ মজহারকে আগে করে দেখি প্রতিক্রিয়া কী হতে পারে- এটাই হচ্ছে তাদের (সরকার) উদ্দেশ্য।”
যশোরে একটি বাস থেকে নাটকীয়ভাবে উদ্ধারের পর ঢাকায় পুলিশ হেফাজতে ফরহাদ মজহার
ফরহাদ মজহারকে উদ্ধারের পর পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদের বক্তব্যের প্রতিবাদ জানান রিজভী।
“পুলিশ বলেছে সাজানো নাটক। হ্যাঁ, সাজানো নাটক তো আপনারাই করেন। একের পর এক ঘটনা তো দেখেছি আমরা। ইলিয়াস আলীকে কীভাবে সাজানো নাটকের মধ্য দিয়ে তুলে নিয়ে যাওয়া হল। সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন কবীর পারভেজ এরকম সারাদেশ থেকে বাড়িতে বাড়িতে, গৃহে গৃহে মায়ের কান্না ঝরিয়ে, স্ত্রী-সন্তানদের কান্না ঝরিয়ে এক পর এক হাসিনার নির্দেশে গুম হচ্ছে, অপহরণ হচ্ছে। তারপরও আপনাদের কথা বিশ্বাস করতে হবে যে সাজানো নাটক? সাজানো নাটক আপনাদের।”
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকেও একইভাবে ‘নাটক’ করে ভারতের শিলংয়ে উদ্ধার দেখানোর কথা বলেন রিজভী।
“সালাহ উদ্দিন আহমেদের মতো ওইরকম একটি ঘটনা হতে চলছিল। যখন মানিকগঞ্জ, মাগুরা, যশোর, খুলনা তারপর সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আবার সালাহ উদ্দিনের ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হচ্ছিল বা এই ধরনের কিছু একটা।”
তবে এসব ‘নাটক’ করেও বিএনপিকে বাইরে রেখে আগামী নির্বাচন করা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেন রিজভী।
“নির্বাচনের আগে এই নাটক করে কোনো লাভ হবে না। বিএনপি নির্বাচনে যাবে, নির্বাচন করবেই। আপনারা যাই করেন না কেন করেন।”
“কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। ক্ষমতাসীনদের বলব, সেই স্বপ্ন ভুলে যান,” সেইসঙ্গে বলেন তিনি।
নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ওই কর্মীসভায় বক্তব্য রাখেন রিজভী।
