২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজহার নিখোঁজে দোষারোপ রিজভীর খিটখিটে মেজাজের প্রলাপ: হাছান

ফরহাদ মজহার নিখোঁজের ঘটনায় সরকারকে দোষারোপ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যকে ‘বালখিল্যের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 06:11 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

পুরনো খবর:

ফরহাদ মজহারকে অপহরণে সরকার: বিএনপি
জবানবন্দি দিতে আদালতে ফরহাদ মজহার
ফরহাদ মজহার ‘অপহৃত’, অভিযোগ পরিবারের

ডানপন্থি অধিকারকর্মী মজহার সোমবার নিখোঁজের পর সরকার তাকে অপহরণ করেছে বলে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভীর অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে রাতে তাকে যশোরে খুঁজে পায় আইনশৃঙ্খলা বাহিনী।

নিখোঁজ না অপহরণ- এ বিষয়ে ধোঁয়াশার মধ্যে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলে আসেন হাছান মাহমুদ।

তিনি বলেন, “বিএনপির রাজনীতি হচ্ছে প্রতিপক্ষকে অভিযুক্ত করা। দলটিরা নেতারা কারণে-অকারণে সরকারকে দোষারোপ করেন। এটা তাদের দীর্ঘদিনের লালিত অভ্যাস। এ দলের এখন কর্মসূচি হচ্ছে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করা।

“গতকাল ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পর রিজভী বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ‘সরকারের এজেন্সি জড়িত’। এ বক্তব্য আসলে রিজভীর খিটখিটে মেজাজের উদভ্রান্তের প্রলাপ ও বালখিল্যের প্রলাপ ছাড়া কিছু না।”

সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মজহার সারা দিনে পাঁচবার ফোন দিয়ে তাকে টাকার জন্য তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে বলে স্ত্রীকে জানান।

Image
রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

এরপর রিজভী সংবাদ সম্মেলনে ‌‘অপহরণের পেছনে’ সরকারের এজেন্সি জড়িত বলে দাবি করলেও পরিবারের পক্ষ থেকে সরকারকে দোষারোপ না করে তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

পরে রাত ৮টার দিকে খুলনার ‘নিউ গ্রীল হাউজ’ নামে এক রেস্তোরাঁয় মজহার রাতের খাবার খেয়েছেন বলে জানান হোটেলটির মালিক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর অনুসন্ধান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে যশোরে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাসে এই কবি-প্রাবন্ধিককে খুঁজে পাওয়া যায়।

ফরহাদ মজহারকে খুঁজে পাওয়ার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, “আমি সরকার ও আইনশৃঙ্খলা বাহনীকে ধন্যবাদ জানাব, তারা মাত্র ১৮ ঘণ্টার মধ্যে এ কলামনিস্টকে উদ্ধার করেছেন।”

বিএনপিকে ‘মিথ্যাচার’ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “বিএনপিকে যে সন্ত্রাসী ও জালিয়াত সংগঠন, তা এখন আর্ন্তজাতিকভাবে স্বীকৃত। আমি এ দলের নেতাদের বলব, মিথ্যাচার না করে কিভাবে এ থেকে বেরিয়ে আসা যায় সেই চেষ্ঠা করুন।”

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতির খতিয়ান তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য রয়েছে, একটি হত্যা মামলার আসামিকে রক্ষায় ২১ কোটি টাকা ঘুষ নেয় তারেক।

“বিএনপি নেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেশে পাচারকৃত ২১ কোটি ৫৫ হাজার ৩৯৪ টাকা দেশে ফেরত আনা হয়। এই টাকা বহুজাতিক কোম্পানি সিমেন্স থেকে ঘুষ হিসেবে নিয়েছিল কোকো।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুর নাহার চাপা, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, মৃনাল কান্তি দাস, আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া এবং মারুফা আক্তার পপি।