জবানবন্দি দিতে আদালতে ফরহাদ মজহার
নাটকীয়ভাবে যশোরে ‘উদ্ধার’ ফরহাদ মজহার গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, ওষুধ কিনতে বাসা থেকে বেরিয়ে তিনি অপহরণের শিকার হয়েছিলেন।
১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে মঙ্গলবার দুপুরে তাকে নেওয়া হয়েছে ঢাকার মহানগর হাকিম আহসান হাবীবের খাস কামরায়।
ঢাকার শ্যামলী রিং রোডের বাসা থেকে সোমবার ভোর ৫টার পর বেরিয়ে গিয়ে ফরহাদ মজহার অপহৃত হন বলে তার পরিবারের অভিযোগ। তার ফোন থেকে মুক্তিপণের জন্য টাকা চাওয়ার কথাও তারা বলেছেন।
স্বজনরা আদাবর থানায় অভিযোগ করার পর পুলিশ অনুসন্ধানে নামে। মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান জানার শুরু হয় অভিযান।
এরপর রাত সাড়ে ১১টার দিকে যশোরের নওয়াপাড়ায় ঢাকাগামী একটি বাসে ফরহাদ মজহারকে পাওয়ার কথা জানায় র্যাব।
আর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফরহাদ মজহারকে যেভাবে ব্যাগসহ পাওয়া গেছে, তাতে তিনি অপহরণের ‘নাটক’ সাজিয়ে থাকতে পারেন বলে তাদের সন্দেহ।
উদ্ধারের পর প্রথমে খুলনায় নিয়ে ফরহাদ মজহারকে ঢাকার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর মঙ্গলবার সকালে তাকে নিয়ে আসা হয় ঢাকার আদাবর থানায়।
সেখানে নাস্তা করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর ফরহাদ মজহারকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে।
দুপুরে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার, মেয়ে শমতলী হক ও পারিবারিক বন্ধু গৌতম দাসসহ কয়েকজনকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাসে অপেক্ষা করতে দেখা যায়।
ফরিদা আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল যখন কথা হয়েছিল তখন বলেছিলেন, সারদিন কোনো খাওয়া-দাওয়া করেননি। সন্ধ্যা পর্যন্ত তার চোখ বাঁধা ছিল। আজ সকালেও বেশি কথা বলতে পারিনি। ব্লাড প্রেশারের ওষুধ দিয়েছি আর সামান্য কিছু খাবার দিয়েছি।”
“এরপর উনি নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন, ৩৫ লাখ টাকা দিলে উনাকে ছেড়ে দেওয়া হবে। আমরা এখন জানার চেষ্টা করছি কারা উনাকে নিয়ে গিয়েছিল।”
সংবাদ সম্মেলনের পর বেলা আড়াইটার দিকে ফরহাদ মজহারকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে জবানবন্দি রেকর্ড করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান বাতেন।
সাংবাদকিরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে এই যুগ্ম কমিশনার বলেন, “আমরা এখনও তদন্ত করছি। আমাদের তদন্ত করার জন্য সময় দেন।”
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকারও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ফরহাদ মজহারের মেয়ে শমতলী হক ওই সংবাদ সম্মেলনে থাকলেও কোনো কথা বলেননি।
ফরহাদ মজহারের অপহরণের বিষয়ে কথা বলছেন তার বন্ধু-স্বজনরা
পুলিশের সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন,বলেন, ফরহাদ মজহারের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই আদাবর থানায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।
ফরিদা আখতারের করা ওই মামলায় বলা হয়, “আমার স্বামী সাধারণত খুব ভোরে ঘুম থেকে জাগেন এবং লেখালেখি করেন। সকাল ৫টার দিকে আমার ঘুম ভাঙার পর আমি উনাকে লেখার টেবিলে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ি এবং সারা ঘরে খুঁজতে থাকি। ইতোমধ্যে সকাল ৫ টা ২৯ মিনিটে আমার স্বামী তার ফোন থেকে আমাকে কল দেন। তিনি ভয়ার্ত কণ্ঠে বলেন, ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে’। এরপর ফোনটি কেটে যায়।”
বাদীর ভাষ্য, কে বা কারা তার স্বামীকে অপহরণ করে, তা তিনি বুঝতে পারেননি। বিষয়টি মৌখিকভাবে আদাবর থানায় জানানোর পর পুলিশ তাকে উদ্ধারে তৎপর হয়।
মামলায় ফরিদা বলেছেন, পুলিশের উপস্থিতিতেই সারা দিনে তিনি আরও চার বার ফোন পান এবং সেসব ফোনালাপে ফরহাদ মজহার তাকে জানান, অপহরণকারীরা ৩৫ লাখ টাকা চেয়েছে।ওই টাকা পেলে তারা তাকে ছেড়ে দেবে।
সোমবার সকালে পরিবারের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর আদাবর থানার এসআই মহসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ফরহাদ মজহার ‘কোনো একজনের ফোন পেয়ে’ ভোরে বাসা থেকে বের হয়ে যান বলে তার একজন আত্মীয় থানায় জানিয়েছেন।
আদাবর থানা থেকে তিনশ গজ দূরে ফরহাদ মজহারের বাসার দারোয়ান মো. আলি বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেছিলেন, তিনি ভোরে বাসা থেকে বের হয়ে হেঁটে ছোট ফটক দিয়ে বেরিয়ে সড়কে উঠতে দেখেছেন ফরহাদ মজহারকে। তাকে কেউ উঠিয়ে নিয়ে গেছে, এমন কোনো দৃশ্য তার চোখে পড়েনি।
আর পুলিশের আরেক কর্মকর্তা বলেছিলেন, শ্যামলী রিং রোড হক গ্যারেজের মোড় থেকে শ্যামলীর দিকে যেতে একটি হাসপাতাল রয়েছে। ওই হাসপাতালের সামনে ওই সময় একটি মাইক্রোবাস ছিল। পরে সেটি আর দেখা যায়নি।
অনুসন্ধানে যুক্ত থাকা পুলিশ কর্মকর্তা ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরহাদ মজহার যে আইফোনটি সচরাচর ব্যবহার করেন সোমবার ভোরে বের হওয়ার সময় তা সঙ্গে নেননি।
“তিনি গ্রামীণ নম্বরের যে মোবাইল ফোন ব্যবহার করেন এবং যে নম্বরটি সবার কাছে আছে সেটি বের হননি। এটি আইফোন। যে নম্বরটি রবির এবং সাধারণ একটি সেটের, সেটা নিয়ে তিনি বের হয়েছেন। এই নম্বরটি সবার কাছে নেই।”
ওই নম্বর ট্র্যাক করেই ফরহাদ মজহার খুলনা এলাকায় আছেন বলে সন্ধ্যার দিকে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা। এর ওপর ভিত্তি করেই শুরু হয় তল্লাশি। মধ্যরাতে তাকে যশোরে বাস থেকে উদ্ধারের খবর আসে।
উদ্ধারের তিন ঘণ্টা আগে ফরহাদ মজহার খুলনা নিউ মার্কেটের সামনে ‘নিউ গ্রীল হাউস’ নামের এক রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন বলে দাবি করেন ওই খাবার দোকানের মালিক আব্দুল মান্নান। পরে টিভিতে ছবি দেখে চিনতে পেরে তিনি র্যাবকে খবর দেন।
মান্নান সাংবাদিকদের বলেন,“আমার হোটেলে ভাত, ডাল ও সবজি খেয়ে রাত ৮টার দিকে বের হয়ে যান তিনি। তার পরনে লুঙ্গি ও মাথায় সাদা কাপড় ছিল। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল।”
ফরহাদ মজহারকে যশোরে বাস থেকে উদ্ধার করার পর রাতে ফুলতলা থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক দিদার আহম্মেদ বলেন, “একজন সুস্থ মানুষ যেভাবে জার্নি করে, সেভাবেই তিনি ছিলেন। তার সঙ্গে একটি ব্যাগ ছিল, গেঞ্জি ছিল। কিছু টাকাও ছিল। এমনকি মোবাইল চার্জার নিতেও ভোলেননি তিনি।”
র্যাব অপহরণেরে কোনো ইঙ্গিত পায়নি জানিয়ে তিনি বলেন, “মনে হয় না এটা অপহরণ।”
