থানা থেকে ডিবি কার্যালয়ে ফরহাদ মজহার
যশোরে একটি বাস থেকে নাটকীয়ভাবে উদ্ধার ফরহাদ মজহারকে ঢাকার আদাবর থানায় নিয়ে আসার পর তথ্য ‘সংগ্রহের জন্য’ মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।
আদাবর থানায় এসআই আলেয়া বেগম জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের একটি দল ফরহাদ মজহারকে নিয়ে থানায় পৌঁছায়। তার স্ত্রী ফরিদা আখতার ও পরিবারের সদস্যরাও তখন থানায় ছিলেন।
“এখানে আসার পর উনাকে নাস্তা করানো হয়। পরিবারের সদস্যরা উনার সঙ্গে কথা বলেন। পরে ওসি স্যার (শেখ শাহিনুর রহমান) উনাকে নিয়ে বেরিয়ে যান।”
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্য সংগ্রহের জন্য উনাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। কথা বলার পর তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
দুপুরে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার, মেয়ে শমতলী হক ও পারিবারিক বন্ধু গৌতম দাসসহ কয়েকজনকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাসে অপেক্ষা করতে দেখা যায়।
ফরিদা আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল যখন কথা হয়েছিল তখন বলেছিলেন, সারদিন কোনো খাওয়া-দাওয়া করেননি। সন্ধ্যা পর্যন্ত তার চোখ বাঁধা ছিল। আজ সকালেও বেশি কথা বলতে পারিনি। ব্লাড প্রেশারের ওষুধ দিয়েছি আর সামান্য কিছু খাবার দিয়েছি।”
ওই অভিযানের মধ্যে রাত সাড়ে ১১টার দিকে যশোরের নওয়াপাড়ায় ঢাকাগামী একটি বাসে তাকে পাওয়ার কথা জানান র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নওয়াপাড়ায় পাওয়ার পর ফরহাদ মজহারকে প্রথম অভয়নগর থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনায় নিয়ে গিয়ে রাত দেড়টার দিকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার অপহরণের কথা বললেও পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক দিদার আহম্মেদ রাতে ফুলতলা থানায় এক সংবাদ সম্মেলনে বলেন, ফরহাদ মজহার অপহরণের ‘নাটক’ সাজিয়েছিলেন বলে তাদের সন্দেহ।
“একজন সুস্থ মানুষ যেভাবে জার্নি করে, সেভাবেই তিনি ছিলেন। তার সঙ্গে একটি ব্যাগ ছিল, গেঞ্জি ছিল। কিছু টাকাও ছিল। এমনকি মোবাইল চার্জার নিতেও ভোলেননি তিনি।”
ডিআইজি দিদার বলেন, “এতে করে অপহরণের বিষয়টি প্রমাণ হয় না। মনে হয় না এটা অপহরণ।”
উদ্ধারের তিন ঘণ্টা আগে ফরহাদ মজহার খুলনা নিউ মার্কেটের সামনে ‘নিউ গ্রীল হাউস’ নামের এক রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন বলে দাবি করেন ওই খাবার দোকানের মালিক আব্দুল মান্নান। পরে টিভিতে ছবি দেখে চিনতে পেরে তিনি র্যাবকে খবর দেন।
র্যাব কর্মকর্তা রফিকুল বলেন, “ফরহাদ মজহার খুলনার শিববাড়ী মোড় থেকে রাত সোয়া ৯টায় হানিফ পরিবহনের একটি বাসে ঢাকা রওনা হয়েছিলেন।”
শাহরিয়ার পলক নামে একজন ফেইসবুকে লিখেছেন, তিনি নিজেও ওই বাসে ছিলেন।
“খুলনা থেকে আসছি হানিফের বাসে করে! নোয়াপাড়ায় হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে রাখা হল! সুপারভাইজার কোনো কথার উত্তর দিলো না। প্রায় ৪০ মিনিট পর ৩টি র্যাবের গাড়ি এসে তল্লাশি করলো, আর বাসের পেছনের সিট থেকে উদ্ধার হলো - নিখোঁজ কবি ফরহাদ মজহার.....।”
ফরহাদ মজহার যে টিকেটে ওই বাসে উঠেছিলেন, সেখানে যাত্রীর নামের জায়গায় ‘গফুর’ লেখা ছিল বলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের ভাষ্য।
রাতে ফরহাদ মজাহার উদ্ধার পাওয়ার পর তার স্ত্রী ফরিদা আখতার আইন-শৃঙ্খলা বাহিনী, মানবাধিকারকর্মী, সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী সচেষ্ট হলে সবকিছুই সম্ভব।”
‘১৮ ঘণ্টা নিখোঁজ’
সোমবার রিং রোডের ভোর ৫টায় বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ফরহাদ মজহার নিখোঁজ বলে তার স্বজনরা আদাবর থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ অনুসন্ধানে নামে।
ফরিদা আখতার সে সময় সাংবাদিকদের বলেন, ফরহাদ মজহার ভোরে লেখালেখি করেন। সাধারণত বের হন না। এদিন ভোরেও কম্পিউটারের সামনে স্বামীকে দেখেছিলেন তিনি। কিছুক্ষণ পর দেখতে না পেয়ে খোঁজাখুঁজির মধ্যে একটি ফোন পান। তাতে ফরহাদ মজহার বলেন, তাকে তুলে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে।
এরপর উদ্বিগ্ন হয়ে বিষয়টি পুলিশে জানায় পরিবার। তখন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিং রোডের হক গার্ডেনের চার তলায় ফরহাদ মজহারের বাসায় যান।
ফরহাদ মজহারের অপহরণের বিষয়ে কথা বলছেন তার বন্ধু-স্বজনরা
শুরুতে ৩৫ লাখ টাকা দাবি করা হলেও সর্বশেষ ফোনালাপে ১৫-২০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে কথা হয়েছে জানিয়ে ওই আত্মীয় বলেন, “আমরা টাকার বিষয়ে চিন্তা করছি না। সুস্থভাবে তার ফিরে আসাটাই মূল লক্ষ্য।”
বিকালে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে দাবি করে, সরকারের কোনো সংস্থাই ফরহাদ মজহারকে অপহরণ করেছে। আর রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফরহাদ মজহারকে দ্রুত উদ্ধারে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়।
আদাবর থানা থেকে তিনশ গজ দূরে ফরহাদ মজহারের বাসার দারোয়ান মো. আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ভোরে বাসা থেকে বের হয়ে হেঁটে ছোট ফটক দিয়ে বেরিয়ে সড়কে উঠতে দেখেছেন ফরহাদ মজহারকে। তাকে কেউ উঠিয়ে নিয়ে গেছে, এমন কোনো দৃশ্য তার চোখে পড়েনি।
পুলিশের এক কর্মকর্তা জানান, শ্যামলী রিং রোড হক গ্যারেজের মোড় থেকে শ্যামলীর দিকে যেতে একটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের সামনে ওই সময় একটি মাইক্রোবাস ছিল। পরে সেটি আর দেখা যায়নি।
অনুসন্ধানে যুক্ত থাকা পুলিশ কর্মকর্তা ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরহাদ মজহার যে আইফোনটি সচরাচর ব্যবহার করেন সোমবার ভোরে বের হওয়ার সময় তা সঙ্গে নেননি।
“তিনি গ্রামীণ নম্বরের যে মোবাইল ফোন ব্যবহার করেন এবং যে নম্বরটি সবার কাছে আছে সেটি বের হননি। এটি আইফোন। যে নম্বরটি রবির এবং সাধারণ একটি সেটের, সেটা নিয়ে তিনি বের হয়েছেন। এই নম্বরটি সবার কাছে নেই।”
ওই নম্বর ট্র্যাক করেই ফরহাদ মজহার খুলনা এলাকায় আছেন বলে সন্ধ্যার দিকে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা। এর ওপর ভিত্তি করেই শুরু হয় তল্লাশি। মধ্যরাতে তাকে যশোরে বাস থেকে উদ্ধারের খবর আসে।
কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সমালোচনামূলক বিভিন্ন বক্তব্যের জন্য আলোচিত।
শাহবাগের ওই আন্দোলনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের পক্ষে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতেও দেখা যায় তাকে।
জাসদের প্রতিষ্ঠাতা তাত্ত্বিক সিরাজুল আলম খান দাদাভাইয়ের মামাত ভাই ফরহাদ মজহার নিজেকে মার্কসিস্ট হিসেবে পরিচয় দেন। তবে হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে বাম দলগুলোর সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপট হিসেবে একুশে টেলিভিশনের ‘টকশো’তে বিভিন্ন গণমাধ্যমকে ‘সন্ত্রাসী’ আখ্যায়াতি করে গণমাধ্যমের ওপর হামলাকে ‘সঠিক’ বলে মন্তব্য করেছিলেন ৭০ বছর বয়সী ফরহাদ মজহার।
ওই সময় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এক সভায় আরও কঠোর আন্দোলনে যাওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে পড়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে ডিগ্রি নেন ফরহাদ মজহার। দেশে ফিরে তিনি উবিনীগ নামে একটি এনজিও গড়ে নয়াকৃষি আন্দোলন শুরু করেন।
চিন্তা নামে একটি পত্রিকার সম্পাদক ফরহাদ মজহার সব সময় লুঙ্গি পরে থাকেন, যা নিয়েও রয়েছে আলোচনা।
