জুলাইয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চায় ইসি
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জুলাইয়ের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
এর মধ্য দিয়ে ১৮ মাসের নির্বাচনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে হাত দিতে যাচ্ছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
জুনের শেষ সপ্তাহেই দেশজুড়ে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহের হালনাগাদ কার্যক্রম। যারা একাদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই নিবন্ধন শুরু করা হবে।
একই সময়ে সংসদ নির্বাচনের অন্যতম সাত অনুষঙ্গ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে চায় কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোডম্যাপ বাস্তবায়নের কাজ জুলাই থেকে শুরু হবে। এজন্য আমরা প্রস্তুতিও গুছিয়ে এনেছি। জুলাইয়ের প্রথমার্ধে কর্মপরিকল্পনার বাস্তবায়ন সূচি চূড়ান্ত করবে কমিশন। অনুমোদন নিয়েই সময় ধরে কাজ শুরু করা হবে।
“আমরা প্রস্তুতি নিচ্ছি জুলাইয়ের শেষ সপ্তাহে যেন সংলাপের কাজ শুরু করতে পারি। এজন্য প্রয়োজনীয় কার্যপত্র তৈরি ও দলগুলোর সঙ্গে বসার সূচি ঠিক করে আমন্ত্রণ জানানো হবে। সংলাপ প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গেই শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের।”
সংলাপ নিয়ে ইতোমধ্যে ইসির নিজস্ব কর্মকর্তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। উন্নয়ন সহযোগীদের মতামতও পেয়েছে ইসি। প্রধান রাজনৈতিক দলগুলোও কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে সংলাপে আগ্রহের বিষয়গুলো জানিয়েছে।
এখন আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর পালা।
অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে আসছেন সিইসি।
তিনি বলছেন, কর্মযজ্ঞ এগিয়ে নিতে চার নির্বাচন কমিশনারকে নিয়ে আলাদা চারটি কমিটি করা হয়েছে।
“রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ, সাবেক সিইসি ও ইসিসহ সবার সঙ্গে বসার আগে নিজেরাই প্রস্তাবিত এজেন্ডা নিয়ে কাগজপত্র তৈরি করা হবে। এর ওপর মতামত দেবেন অন্যরা। সবার সুপারিশ, প্রস্তাব পেলে তা পর্যালোচনা করে আমরা করণীয় নির্ধারণ করব।”
ইসির অন্যতম এজেন্ডা
২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
সংলাপ, আইন সংস্কার, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, ভোটার তালিকা, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রশিক্ষণও ইভিএম।
২০১৮ সালের ৩০ অক্টোবরের পর শুরু হবে একাদশ সংসদ নির্বাচনের সময় গণনা। ২০১৯ সালের জানুয়ারির মধ্যে ভোট শেষ করতে এ বছরের জুলাই থেকে আগামী দেড় বছর সময়ের করণীয় ঠিক করা হয়েছে রোডম্যাপে।
ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কর্মপরিকল্পনার বেশ কয়েকটি কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শুধু সংলাপের মতো বড় কাজটির আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা। ভোটার তালিকা হালনাগাদ, পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন আহ্বান, সীমানা পুনঃনির্ধারণ ও আইন সংস্কারের জন্য কমিটি গঠনের কাজ গুছিয়ে রাখা হয়েছে।
তিনি বলেন, “জুলাইয়ের শেষ দিকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরুর পর অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের মতামত পেলেই কমিশনের কাজ অনেক দূর এগিয়ে যাবে। এখন সবার সহযোগিতাই কামনা করছি আমরা।”
