গুলশানে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ
শুল্ক ফাঁকির অভিযোগে রাজধানীর গুলশান থেকে এক কোটি টাকা দামের একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধ অভিযানের অংশ হিসাবে রোববার গুলশানের একটি বাড়ি থেকে এই বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালে তৈরি বিএমডব্লিউ’র সেভেন সিরিজ ই৬৫, ৭৪৫ এলআই মডেলের গাড়িটি ইন্টারন্যাশনাল রিলোকেশন এ্যাসিসটেন্স সার্ভিসেস ও কালাম রিয়েল এস্টেট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক সালমান কালামের বাড়ি থেকে জব্দ করা হয়।
“আটকের সময় তিনি আমদানি বা ক্রয় সংক্রান্ত দলিলাদি শুল্ক গোয়েন্দার তদন্ত দলকে দেখাতে পারেননি। তিনি বলেছেন, গাড়িটি তার ভাড়াটিয়া নেপালের নাগরিক সন্তোষ ধুঙ্গানা ব্যবহার করতেন।”
তার বক্তব্য অনুযায়ী, ধুঙ্গানা জাতিসংঘের ইউএনডিপির অঙ্গ সংগঠন ইউএনডিএসএস (ইউনাইটেড নেশনস ডিপোর্টমেন্ট অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি) এর নিরাপত্তা পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৬ সালের প্রথমভাগে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন।
“গাড়িটিতে কূটনৈতিক সুবিধার অপব্যবহার করা হয়েছিল,” বলেন মইনুল খান।
তিনি বলেন, গাড়িটি বাংলাদেশে ‘প্রিভিলেজড পারসন’ কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হলেও পরবর্তীতে কাস্টমস আইনের বিধান অনুযায়ী সুষ্ঠুভাবে এটির নিষ্পত্তি না করে ধুঙ্গানা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন।
“ধুঙ্গানা গাড়িটি অবৈধভাবে এর বর্তমান ব্যবহারকারী জনৈক ননপ্রিভিলেজড পারসনের কাছে হস্তান্তর করে এর মাধ্যমে অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ করেছেন, যা শুল্ক আইনে শাস্তিযোগ্য বলে শুল্ক গোয়েন্দাদের কাছে তথ্য ছিল।”
গাড়িটি প্রায় ছয় মাস ধরে গুলশানের ওই বাসার গ্যারেজে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানান তিনি।
এর আগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দারা।
